• চাপেও নতিস্বীকার নয়, এবার ময়দানে 'এক ডাকে অভিষেক'!
    আজকাল | ৩০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দলের অবস্থা ছন্নছাড়া। একাধিক বিধায়ক-সাংসদ তাঁর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করে সরে গিয়েছেন। কেউ কেউ হুঁশিয়ারি দিয়েছেন, মমতা ব্যানার্জিকে হাত ছাড়তে হবে অভিষেকের। অন্যদিকে একাধিক মামলায় বারবার ইডি-সিআইডি ডাকছে তাঁকে। তার মাঝেই বিরাট ঘোষণা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির। 

    মঙ্গলবার অভিষেক ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় একটি  পোস্ট করেন। তাতে লেখা, 'নির্বাচন-পরবর্তী হিংসায় বিজেপির অত্যাচারে ঘরছাড়া, নিপীড়িত এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়িত কর্মীদের সুবিধার্থে, যেকোনো আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন।' তারপরেই লেখা হয়েছে, নয়া কর্মসূচির নাম, 'এক ডাকে অভিষেক।' 

    তাতে দেওয়া হয়েছে একটি হেল্পলাইন নম্বর- ৭৮৮৭৭৭৮৮৭৭। সকাল ৯টা থেকে সন্ধে ছ'টা পর্যন্ত চালু থাকবে এই হেল্প লাইন নম্বর। 

    ২৬-এর ভোটে গো-হারান হেরে তৃণমূল কংগ্রেস এবার  আত্মসমীক্ষার পথে হাঁটছে পুনরায়। এর আগে, জানা গিয়েছিল, এবার থেকে মমতা ব্যানার্জির কালীঘাটে পুনরায় বসবে 'জনতার দরবার'। সূত্রের খবর, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে, দু' জনে বসবেন। সেখানে সাধারণ মানুষের কথা শুনবেন তাঁরা। যদিও দলের তরফে এই গুঞ্জন প্রসঙ্গে বিস্তারিত কোনও তথ্য নিশ্চিতভাবে জানানো হয়নি। 

    তবে তার পরেই সামনে এল, অভিষেক ব্যানার্জির সোশ্যাল মিডিয়া পোস্ট। যাতে স্পষ্ট হল, মমতা-অভিষেক একসঙ্গে না বসলেও, অভিষেক এবার সাধারণের সহায়তায়, তাঁদের কথা শোনার উদ্যোগ নিয়েছেন। 

    অভিষেকের ওই পোস্টারে কয়েক মিনিটেই বহু মানুষ কমেন্ট করেছেন। কেউ বলছেন, 'এত দিন পরে মনে পড়ল এই কথা?', কেউ আবার বলছেন, 'অভিনব উদ্যোগ'। আবার একজন লিখেছেন, এই উদ্যোগ নেওয়ায় অনেক দেরি হয়ে গিয়েছে। 

     
  • Link to this news (আজকাল)