ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, কোন জেলায় কবে দুর্যোগ? ৭ দিনের পূর্বাভাস
আজ তক | ৩০ জুন ২০২৬
দক্ষিণবঙ্গে আপাতত ভ্যাপসা গরম ও অস্বস্তি থেকে রেহাই নেই। তবে সপ্তাহের শেষে, বিশেষ করে উইকেন্ডে, পরিস্থিতির বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে এখনই প্রবল বৃষ্টির দাপট চললেও সপ্তাহান্তের দিকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে।
আবহাওয়াবিদদের মতে, রাজস্থান থেকে বিহার হয়ে হরিয়ানা ও উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত পূর্ব-পশ্চিম অক্ষরেখার প্রভাবেই রাজ্যজুড়ে এই পরিবর্তনশীল আবহাওয়ার সৃষ্টি হয়েছে।
উত্তরবঙ্গে আজও প্রবল বৃষ্টির দাপট
উত্তরবঙ্গের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে।
গত কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমেছে। নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপরে বইছে। বুধবারও উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। শুক্রবারের পর উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।
দক্ষিণবঙ্গে উইকেন্ডেই সবচেয়ে বেশি সতর্কতা
আজ দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি আরও বাড়বে।
মঙ্গলবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।বুধবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার অধিকাংশ জেলাতেই বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি থাকবে হলুদ সতর্কতা। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার সপ্তাহের সবচেয়ে দুর্যোগপূর্ণ দিন হতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। এদিন ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ সকাল থেকেই আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
শনিবার থেকে শহরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রবিবার কলকাতার জন্যও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯৭ শতাংশের মধ্যে থাকায় ভ্যাপসা অস্বস্তি অনুভূত হবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২৭.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।