রাম মন্দির দর্শনে বাধা কংগ্রেস নেতা অজয় রাইকে! অযোধ্যায় ‘গৃহবন্দি’ করল যোগীর পুলিশ
প্রতিদিন | ৩০ জুন ২০২৬
উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইকে রাম মন্দির দর্শনে বাধা পুলিশের। রাম মন্দিরে কংগ্রেসের প্রতিনিধি দলের প্রস্তাবিত সফরের আগেই অযোধ্যার হোটেলে অজয়কে গৃহবন্দি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে ‘কাপুরুষোচিত পদক্ষেপ’ বলে তোপ দেগে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ রাম মন্দিরের টাকা চুরি নিয়ে বিতর্কের পর এবার কংগ্রেস নেতাদের মন্দিরে প্রার্থনা করতেও দেওয়া হচ্ছে না।
এই ঘটনায় সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অজয় রাই। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বিজেপি সরকারের স্বৈরাচারী আচরণ চরম সীমা পার করেছে। উত্তরপ্রদেশে কংগ্রেসের একটি প্রতিনিধি দল ৩০ জুন অযোধ্যায় প্রভু রামের দর্শনে যাওয়ার কথা ছিল। তবে পুলিশ এতটাই ভয় পেয়েছে যে, আমি অযোধ্যায় পা রাখতেই পুলিশ হোটেল থেকে আমায় গ্রেপ্তার করে জিপে বসিয়ে নিয়ে যাচ্ছে। এই মন্দির শহরে দানের টাকা চোর ও জমি কেলেঙ্কারিতে জড়িতরা ভগবান রামের ভক্তদের ভয় পায়। তবে আমরাও থামব না, মাথা নতও করব না।’
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অজয় রাই বলেন, সোমবার অনেক রাতে তাঁকে হোটেল থেকে জোর করে তুলে এক বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে দাবি করেন ওই নেতা। এমনকী সেখানে তাঁকে খেতেও দেওয়া হয়ন বলে অভিযোগ করেন তিনি।পাশাপাশি কংগ্রেস প্রতিনিধিদলের অন্য সদস্যদেরও গৃহবন্দী করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অজয়।
এই বিষয়ে উত্তরপ্রদেশ সরকার বা পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাম মন্দিরে দানের কোটি কোটি টাকা চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশে। ঘটনার তদন্তে সিট গঠনের পাশাপাশি ৮ অভিযুক্তকে গ্রেপ্তার ও কোটি কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ডামাডোলের মাঝেই বিরোধী শিবিরের মন্দির দর্শনের দাবি করলেও, এর নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধির আভাস পেয়েই পদক্ষেপ করল যোগীর পুলিশ।