• মোথাবাড়ি মামলায় চার্জশিট দিল NIA, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় অভিযুক্ত মোট ২৩
    News18 বাংলা | ৩০ জুন ২০২৬
  • মোথাবাড়ি অশান্তির ঘটনায় তদন্তে আরও একধাপ এগোল এনআইএ। বৃহস্পতিবার মোথাবাড়ি অশান্তি সংক্রান্ত আরও দুটি মামলায় চার্জশিট পেশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই দুই মামলায় মোট ২৩ জন অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

    এনআইএ সূত্রে জানা গিয়েছে, কেস নম্বর ৮/২৬-এ ২২ জন অভিযুক্তের বিরুদ্ধে ৫৪ পাতার মূল চার্জশিট দাখিল করা হয়েছে। অন্যদিকে, কেস নম্বর ১০/২৬-এ ১ জন অভিযুক্তের বিরুদ্ধে ১১ পাতার চার্জশিট পেশ করা হয়েছে।

    অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে খুনের চেষ্টা, সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধা দেওয়া, সরকারি কর্মীকে হেনস্থা করা, সরকারি কর্মীর উপর হামলা, সরকারি কাজ ব্যাহত করা, বেআইনিভাবে আটকে রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগ।

    উল্লেখ্য, এর আগে গত ২ জুন মোথাবাড়ি অশান্তি সংক্রান্ত চারটি মামলায় ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল এনআইএ। সেই চার্জশিটে অভিযুক্তদের তালিকায় মোফাক্কেরুল ইসলাম-এর নামও ছিল। মোথাবাড়ি অশান্তি নিয়ে মোট ১২টি মামলার তদন্ত করছে এনআইএ। সর্বশেষ এই দুই মামলার চার্জশিট জমা পড়ায়, এখনও পর্যন্ত মোট ৬টি মামলায় চার্জশিট দাখিল করল তদন্তকারী সংস্থা।

    এপ্রিল মাসের শুরুর দিকে মালদহ জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের সুজাপুর, মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টানা কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখান। বিডিও অফিস ঘেরাও করে জুডিশিয়াল অফিসার তথা বিচারকদের আটকে রাখার অভিযোগও ওঠে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এই ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। বিচারকদের হেনস্থার বিষয়টিতে অত্যন্ত ক্ষুব্ধ হয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে NIA তদন্ত শুরু করে।
  • Link to this news (News18 বাংলা)