এই গ্রামে চটের বস্তা গরিবের অ্যাম্বুল্যান্স, রাস্তা প্রায় নেই! দুর্ভোগ কাকে বলে এখানে এলেই বুঝবেন
News18 বাংলা | ৩০ জুন ২০২৬
বেহাল রাস্তা, চটের বস্তায় রোগী বহন! সন্দেশখালির গ্রামে চরম দুর্ভোগে বাসিন্দাদের। উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার সন্দেশখালি-১ নম্বর ব্লকের সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের ১৩২ নম্বর বুথে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার জেরে চরম ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা। প্রায় ২০ থেকে ৩০টি পরিবারের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তা।
সম্প্রতি অসুস্থ এক ব্যক্তিকে চটের বস্তায় করে রাস্তা পার করিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ঘটনায় ফের সামনে এসেছে এলাকার করুণ বাস্তব চিত্র। স্থানীয়দের অভিযোগ, ঘূর্ণিঝড় আয়লার পর থেকে আজ পর্যন্ত রাস্তাটির কোনও স্থায়ী সংস্কার করা হয়নি। বছরের পর বছর অবহেলায় রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়েছে যে সামান্য বৃষ্টিতেই তা আরও বিপজ্জনক হয়ে ওঠে। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা।
অভিযোগ, রাস্তার পাশের পুকুর থেকে গভীর গর্ত করে মাটি কাটার কারণে রাস্তার একাংশ দুর্বল হয়ে পড়েছে। কোথাও রাস্তা সরু, কোথাও ভাঙন, সব মিলিয়ে সাধারণ মানুষের চলাচল কার্যত দুঃসাধ্য হয়ে উঠেছে। অ্যাম্বুল্যান্স বা অন্য কোনও জরুরি যানবাহন ওই এলাকায় পৌঁছাতে পারে না বলেও দাবি স্থানীয়দের। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন অসুস্থ, প্রতিবন্ধী, গর্ভবতী মহিলা ও প্রবীণরা।
জরুরি প্রয়োজনে রোগীকে কাঁধে বা চটের বস্তায় করে রাস্তা পার করিয়ে নিয়ে যেতে হচ্ছে। বাসিন্দাদের কথায়, বর্তমান পরিস্থিতিতে এলাকায় কারও মৃত্যু হলেও মৃতদেহ বাইরে নিয়ে যাওয়াও অত্যন্ত কঠিন হয়ে পড়বে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। তাই দ্রুত এই রাস্তার সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। নতুন সরকারের আমলে রাস্তার হাল ফেরার আশায় দিন গুনছেন এলাকাবাসী।