• চোখের সামনে সাজানো নোটের বান্ডিল দেখে গৃহবধূ যা করলেন, জেনে স্যালুট করবেন আপনিও
    News18 বাংলা | ৩০ জুন ২০২৬
  • বর্তমান সময়ে আর্থিক প্রতারণা ও অসততার নানা ঘটনার মধ্যেও মালদার চাঁচলে সামনে এল মানবিকতা ও সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটিএমে পড়ে থাকা ৯ হাজার ৫০০ টাকা নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে পুলিশের দ্বারস্থ হলেন এক গৃহবধূ। জানা গিয়েছে, রায়গঞ্জের বাসিন্দা রুম্পা বসাক মঙ্গলবার ব্যক্তিগত কাজে বাপের বাড়ি চাঁচলে এসেছিলেন। নেতাজি মোড় সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে টাকা তুলতে গিয়ে তিনি দেখতে পান, মেশিনের ক্যাশ আউটলেটে আগে থেকেই ৯ হাজার ৫০০ টাকা পড়ে রয়েছে।

    কিন্তু সেখানে কোনও ব্যক্তি বা এটিএম কার্ড ছিল না। কিছুক্ষণ অপেক্ষা করেও টাকার মালিকের সন্ধান না পাওয়ায় তিনি বাইরে খোঁজ নেন। তখন এটিএমে কোনও নিরাপত্তারক্ষীকেও দেখতে পাননি। পরিস্থিতি বুঝে তিনি পরিচিত এক বন্ধুর সঙ্গে আলোচনা করেন। পরে টাকা নিজের কাছে না রেখে সরাসরি চাঁচল থানায় গিয়ে লিখিত আবেদনসহ পুরো টাকাই পুলিশের হাতে তুলে দেন, যাতে প্রকৃত মালিকের কাছে তা ফিরিয়ে দেওয়া যায়।

    রুম্পা বসাক জানান, “এদিন ব্যক্তিগত কাজে চাঁচলে এসেছিলাম। টাকার প্রয়োজনে রাষ্ট্রায়াত্ত ব্যাংকের একটি এটিএম ঢুকি। এটিএম ঢুকেই দেখি ক্যাশ আউটলেটে টাকা পড়ে রয়েছে। তাড়াহুড়োয় কেউ এটিএম থেকে টাকা তুলে নিয়ে যেতে ভুলে গিয়েছেন হয়ত। তাই টাকার প্রকৃত মালিক যেন কোনও অসুবিধায় না পড়েন, সেই ভাবনা থেকেই পুলিশের সহযোগিতার জন্য থানার দ্বারস্থ হয়। আশা করছি যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিক দ্রুত তাঁর টাকা ফিরে পাবেন।”

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত মালিককে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর নিয়ম মেনেই তাঁর হাতে টাকা ফিরিয়ে দেওয়া হবে। বর্তমান সময়ে যেখানে প্রতিদিনই আর্থিক প্রতারণা ও অসাধু কাজের অভিযোগ সামনে আসছে, সেখানে রুম্পা বসাকের এই সততা ও মানবিকতা সমাজের কাছে এক ইতিবাচক বার্তা হয়ে উঠেছে। তাঁর এই উদ্যোগের প্রশংসা করছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও।
  • Link to this news (News18 বাংলা)