প্ল্যাটফর্মের ফাঁকে ঢুকে যাচ্ছিলেন বৃদ্ধ, সিনেমার মতো ছুটে এসে রক্ষা করলেন রেলকর্মী
News18 বাংলা | ৩০ জুন ২০২৬
আর একটু হলেই ঘটে যেতে পারত এক মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে গলে যাচ্ছিলেন এক প্রবীণ যাত্রী। কিন্তু দেবদূতের মত ঠিক সেই মুহূর্তেই ছুটে এলেন রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)-এর এক কর্মী। অসীম সাহসিকতা, কর্তব্যপরায়ণতা ও তৎপরতার সঙ্গে ওই বৃদ্ধকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন তিনি। আন্দুল স্টেশনে কর্তব্যরত ওই আরপিএফ হেড কনস্টেবলের উপস্থিত বুদ্ধির জেরে এ যাত্রায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন ওই বৃদ্ধ।
রেল সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জুন ঘটনাটি ঘটেছে আন্দুল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে। ওই দিন মালদহ টাউন-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস (১৩৪৩৪) স্টেশনে এসে দাঁড়ায়। নির্ধারিত সময়ের পর ট্রেনটি স্টেশন ছেড়ে কিছুটা এগিয়ে গেলেও, ব্রেক প্রেসার কমে যাওয়ার কারণে আচমকাই কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই সময়েই ওই ট্রেন থেকে নামার চেষ্টা করেন বছর সত্তরের এক বৃদ্ধ যাত্রী। তিনি তাঁর পরিবারের সঙ্গে রামপুরহাট থেকে আন্দুল আসছিলেন। কিন্তু তিনি নামতে যাওয়ার মুহূর্তেই ট্রেনটি ফের চলতে শুরু করে।
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে সোজা প্ল্যাটফর্মে আছড়ে পড়েন ওই প্রবীণ। চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে তিনি আটকে যাওয়ার উপক্রম হতেই, সেখানে কর্তব্যরত আরপিএফ কর্মী বিদ্যুৎগতিতে ছুটে যান। নিজের জীবনের পরোয়া না করে টেনে হিঁচড়ে ওই যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে আনেন তিনি। পড়ে গিয়ে ওই বৃদ্ধের শরীরে সামান্য আঘাত লাগে। স্টেশন মাস্টারের সাহায্যে তৎক্ষণাৎ তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁকে হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়।
বৃদ্ধ জানান তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন। তাই তিনি আর হাসপাতালে যেতে চাননি। পরিবারের সঙ্গে হাসিমুখেই বাড়ির পথে রওনা দেন তিনি। স্টেশন ছাড়ার আগে আরপিএফের পক্ষ থেকে ওই যাত্রী ও তাঁর পরিবারকে চলন্ত ট্রেনে ওঠানামার বিপদের কথা বুঝিয়ে সতর্ক করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরপিএফের তরফ থেকে সমস্ত যাত্রীদের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষের স্পষ্ট বার্তা, যাত্রীরা যেন কোনও মতেই চলন্ত ট্রেনে ওঠা বা নামার চেষ্টা না করেন। সাময়িক তাড়াহুড়োর কারণে ঘটে যেতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা, তাই সর্বদাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।