আর ঘণ্টার পর ঘণ্টা রেলগেটে অপেক্ষা নয়! দুই দশকের দাবি মেনে পুরাতন মালদহে শুরু উড়ালপুলের কাজ
News18 বাংলা | ৩০ জুন ২০২৬
: ট্রেন পারাপারের জন্য আর অপেক্ষা নয়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে না আর রেলগেটের সামনে। দীর্ঘ যানজট এড়াতে এবারে বড় পদক্ষেপ পুরাতন মালদহে। দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বহুল প্রতীক্ষিত মঙ্গলবাড়ি থেকে নলডুবি পর্যন্ত শুরু হল উড়ালপুল নির্মাণের কাজের তোড়জোড়। প্রকল্পের প্রস্তুতি হিসেবে মঙ্গলবাড়ি রেলগেটের দুই পাশের রাস্তার ধারে থাকা শতাধিক অস্থায়ী দোকানপাট উচ্ছ্বেদের নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দফতরের তরফে। আট দিনে খালি করতে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। তাই তার আগেই দোকানপাট গুটিয়ে অন্যত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।
এ প্রসঙ্গে উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু জানান, “দীর্ঘদিন ধরেই এই উড়ালপুল নির্মাণের দাবি ছিল শহরবাসীর। পূর্ববর্তী সরকারের আমলে জমি হস্তান্তর না হওয়ায় প্রকল্পটি আটকে ছিল। বর্তমানে রাজ্যে সরকার পরিবর্তনের পর জমি অধিগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত উড়ালপুল নির্মাণের কাজ শুরু হবে। পাশাপাশি উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে, সেই বিষয়েও প্রশাসনিক স্তরে চিন্তাভাবনা চলছে বলে জানান সাংসদ।”
এদিন মঙ্গলবাড়ি রেলগেট এলাকায় দেখা দেয় ব্যবসায়ীদের দোকানের সামগ্রী অন্যত্র খুলে নিয়ে যেতে। স্থানীয় এক ব্যবসায়ী কালু ঘোষ বলেন, “প্রায় ২০০ দোকানপাট রয়েছে এখানে। শহরের উন্নয়ন ও যানজট নিরসনের স্বার্থে উড়ালপুল নির্মাণে কোনও আপত্তি নেই। তবে পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ হলে পরিবার চরম আর্থিক সংকটে পড়বে। তাই রাজ্য সরকারের কাছে বিকল্প জায়গা অথবা পুনর্বাসনের দাবি জানাচ্ছি।”
জানা গিয়েছে, মঙ্গলবাড়ি রেলগেটে দীর্ঘ যানজটের কারণে প্রতিদিন সাধারণ মানুষ, নিত্যযাত্রী ও গাড়িচালকদের চরম ভোগান্তির মুখে পড়তে হত। দুই দশকের আগে থেকেই এই উড়ালপুল নির্মাণের দাবি ছিল। অবশেষে সেই স্বপ্ন বাস্তবের পথে। শহরবাসির মতে উড়ালপুল নির্মাণের পর শহরের যানচলাচল ব্যবস্থা আরও উন্নত হবে এবং সৌন্দর্য বাড়বে।