পুলিশের হাত থেকে তৃণমূল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। বাসন্তীর মসজিদবাটিতে তীব্র উত্তেজনা। তোলাবাজি ও কাটমানির অভিযোগে বাসন্তীর মসজিদবাটি এলাকার তৃণমূল নেতা পবিত্র দাসকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি নানা অভিযোগ তোলেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পবিত্র দাসকে উদ্ধার করে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে পুলিশ অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতার একাংশ পুলিশের হাত থেকে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়।
স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনার কাটমানি আদায়, তোলাবাজি-সহ একাধিক অনিয়মের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন পবিত্র দাস। জনরোষের হাত থেকে বাঁচাতে কোনও মতে পবিত্রকে গাড়িতে তোলে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।