‘এই, হাফপ্যান্ট পরে কেন?’ ব্যস্ত যশোর রোডে টোটো নিয়ে যাচ্ছিলেন তাপস সর্দার। সামনে-পিছনে যাত্রী। আচমকাই দত্তপুকুর ট্রাফিক গার্ডের ওসি দেবদাস দেবনাথের প্রশ্নে চমকে উঠলেন তিনি। হতভম্ব হয়ে গিয়েছেন যাত্রীরাও। নতুন কোনও নিয়ম হয়েছে নাকি?
তাপস যেন ঠিক ঠাওর করে উঠতে পারছেন না, কী উত্তর দেওয়া উচিত। কিছুক্ষণ অবাক দৃষ্টিতে চেয়ে থাকার পরে আমতা আমতা করে বললেন, ‘আসলে স্যার খুব গরম তো...।’
টোটো চালক যে ঘাবড়ে গিয়েছেন, বুঝতে সময় লাগেনি ওসি দেবদাস দেবনাথের। নরম গলায় বলেন, ‘কিন্তু আমার-আপনার বাড়ির মেয়ে-বৌ-রা তো এই টোটোয় ওঠে। এ ভাবে হাফপ্যান্ট পরে চালানোটা কি ঠিক হচ্ছে?’ এ বার যেন ধরে প্রাণ এল তাপসের। একগাল হাসি নিয়ে বললেন, ‘একদম ঠিক বলেছেন স্যর। আমারই ভুল। হাফপ্যান্ট পরে চালানোটা মোটেই ঠিক হয়নি।’
তাপস আর ওসি-র কথা শুনে রাস্তার মাঝে দাঁড়িয়ে পরেন মহম্মদ ইসমাইল। তিনিও টোটো চালক। লুঙ্গি পরে গাড়ি নিয়ে বেরিয়েছেন তিনি। আচমকাই তাঁর দিকে চোখ গেল ওসি দেবদাস দেবনাথের, ‘আপনি লুঙ্গি পরে বেরিয়েছেন কেন?’ তীরটা যে তাঁর দিকে ঘুরে যাবে বুঝতে পারেননি ইসমাইল। কোনও রকমে বললেন, ‘স্যর, আমার তো বয়স হয়েছে। আর...।’ কথা শেষ করতে পারলেন না। তার আগেই ধমক দিয়ে উঠলেন ওসি, ‘ব্রেক কষতে গিয়ে পা জড়িয়ে গেলে তো দুর্ঘটনা ঘটবে। তখন কী করবেন?’
ভুলটা বুঝতে পেরেই জিভ কাটেন ইসমাইল। ওসি বলে দেন, ‘এ বার থেকে ফুলপ্যান্ট পরবেন।’ ইসমাইল ঘাড় নাড়লেন ঠিকই, তবে পরে বললেন, ‘এই বয়সে আবার পোশাক বদলাতে হবে, কী অস্বস্তি বলুন তো।’ তবে অফিসারের নির্দেশ তিনি মানবেন বলেই জানিয়েছেন।
শুধু তাপস বা ইসমাইল নয়, বামনগাছি চৌমাথা এলাকার অনেক টোটো চালকই টিশার্ট, হাফপ্যান্ট কিংবা লুঙ্গি পরেই বেরিয়ে পড়েন। একে তো গরম, তার উপরে অভ্যাস। হাফপ্যান্ট, লুঙ্গি পরে তো অনেকেই বাইরে বের হন। টোটো চালাতে আর অসুবিধা কী? এমনটাই ভাবতেন তাঁরা। আবার লুঙ্গি পরে গাড়ি চালালে দুর্ঘটনার আশঙ্কা থাকে। পোশাকটি মোটেই চালক-বান্ধব নয় বলেই মত অনেকের।
মঙ্গলবার চৌমাথায় ট্রাফিক সামলানোর পাশাপাশি অনেক টোটো চালককেই থামিয়ে সাবধান করলেন ওসি দেবদাস দেবনাথ। তাঁরাও একবাক্যে স্বীকার করলেন, এ ভাবে ভেবে দেখেননি তাঁরা। যাত্রীরাও খুশি। বিশেষ করে মহিলা যাত্রীরা।
তবে টোটো বা অটো চালকদের পোশাক নিয়ে কোনও সরকারি নির্দেশিকা জারি হয়নি বলেই জানিয়েছেন ডিএসপি ট্রাফিক নিহাররঞ্জন রায়। তিনি বলেন, ‘ওই আধিকারিক কোনও খারাপ আচরণ করেননি। মহিলা যাত্রীরা থাকেন বলেই হয়তো হাফপ্যান্ট পরা নিয়ে এমন পরামর্শ দিয়েছেন। তবে এই নিয়ে সরকারের কোনও নির্দেশিকা নেই।’