• বড় সিদ্ধান্ত পিএইচইডি দপ্তরের!
    আজকাল | ০১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার নবান্নে পিএইচইডি দপ্তরের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে দপ্তরের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন মাননীয় মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার। 

    বৈঠকে জনস্বার্থে গৃহীত প্রকল্পগুলি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করা এবং পানীয় জল পরিষেবাকে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

    বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে জল জীবন মিশন-এর আওতায় ৪,১০০টি গ্রামে শতভাগ কাজ সম্পন্ন করে তাদের সার্টিফিকেশন নিশ্চিত করা হবে।

    পর্যালোচনার সময় পিএইচইডি দপ্তরের আগামী পাঁচ বছরের ভিশন প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত এক বছরের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়, যাতে দপ্তরের বিভিন্ন প্রকল্পের কার্যকর ও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করা যায়।

    বৈঠকে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ পানীয় জল প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয় এবং সেগুলি দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।

    এই বৈঠকে পিএইচইডি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং দপ্তরের সচিব রণধীর কুমার উপস্থিত ছিলেন।
  • Link to this news (আজকাল)