• ৩২ লক্ষ কোথায় খরচ, পান্ডুয়ায় চিকিৎসালয় নিয়ে ক্ষোভ
    আজকাল | ০১ জুলাই ২০২৬
  • মিল্টন সেন, হুগলি: লক্ষ লক্ষ টাকা খরচ করে সংস্কার হয়েছে। নেই ডাক্তার। হয় না চিকিৎসা। অযত্নে পড়ে দাতব্য চিকিৎসালয়। জঙ্গল আর আগাছায় ভরেছে গোটা চিকিৎসালয়। পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পোস্টার লাগালেন তৃণমূল নেতানেত্রীর নামে। 

    হুগলির পান্ডুয়ার মণ্ডলাই গ্রামের দাতব্য চিকিৎসা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় ছিল। তৃণমূল সরকারের আমলে ২০২২ সালে তৎকালীন হুগলি জেলা পরিষদের সদস্য শিল্পা নন্দীর প্রচেষ্টায় সংস্কারের অনুমোদন মেলে। গ্রামবাসী পূর্ণদেব হাজরা, জয়ন্ত ঘোষদের অভিযোগ, ৩২ লক্ষ ২৪ হাজার ১১৬ টাকা ব্যয়ে চিকিৎসা কেন্দ্রটি সংস্কার হলেও সেখানে কোনও চিকিৎসক আসেন না। কোনও পরিষেবা পাওয়া যায় না। দীর্ঘদিন অচল থাকায় চারপাশ জঙ্গলে ভরে গিয়েছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা এলাকায় পোস্টার লাগিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা শুভঙ্কর নন্দী ও তাঁর স্ত্রী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শিল্পা নন্দীর বিরুদ্ধে। 

    মৌসুমি মালিক নামে এক গ্রামবাসী বলেন, দ্রুত এই চিকিৎসা কেন্দ্রে পরিষেবা চালু হলে ১০-১২টি গ্রামের প্রান্তিক মানুষ উপকৃত হবেন। অর্থের অভাবে এখন চুঁচুড়া, কালনা কিংবা পান্ডুয়া হাসপাতালে যেতে হয়। গরিব মানুষের কাছে যাতায়াত খরচই বিরাট বোঝা। এই প্রসঙ্গে জেলা পরিষদের সদস্যর স্বামী তথা তৃণমূল নেতা শুভঙ্কর নন্দী বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে দাতব্য চিকিৎসা কেন্দ্র সংস্কারের অনুমোদন পাওয়া গিয়েছিল। জেলা পরিষদ টেন্ডার করে কাজ করেছে। পানীয় জলের ব্যবস্থা, দরজা-জানলা, মেঝে, সীমানা প্রাচীর সবই সংস্কার হয়েছে।তৎকালীন সময়ে স্বাস্থ্য দফতরে চিকিৎসা ব্যবস্থা চালুর জন্য আবেদন জানিয়েছিলাম। কিন্তু কোনও লাভ হয়নি। নতুন সরকারের কাছে চাইব, এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চালু করলে বহু মানুষ উপকৃত হবেন।পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার বলেন, সরকারি টাকা খরচ করে দাতব্য চিকিৎসালয় সংস্কার করেছে। কিন্তু কিভাবে করেছে ? কতটা করেছে তার রিপোর্ট নেয়া হবে ? বিগত মুখ্যমন্ত্রী বলেছিলেন একশ শতাংশ কাজ হয়ে গেছে। তাহলে ডাক্তার কেনও নেই ? তাহলে খাঁচা তৈরি করা হয়েছে শুধু লাভ্যাংশের জন্য। তৃণমূল শুধু বিজ্ঞাপন দিয়ে গেছে,চিকিৎসা ব্যবস্থাকে পুরো ধ্বংস করে গেছে। এখন তারা নতুন সরকারের কাছে আবেদন রাখছে। কারুর প্রস্তাব লাগবেনা। আমরা ডাক্তার নিয়ে আসব। আপনারা অনেক করেছেন এখন চুপচাপ বসুন।
  • Link to this news (আজকাল)