• অভিষেকের ডিজে মামলার বিরাট আপডেট, কী জানাল আদালত?
    আজকাল | ০১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: চেষ্টা করেও হল না শেষরক্ষা। কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলায় আদালতে আবেদন করেছিলেন অভিষেক ব্যানার্জি। কিন্তু সেই আবেদনে হস্তক্ষেপই করলেন না হাইকোর্টের বিচারপতি। শুধু তাই নয়, সূত্রের খবর, এই মামলা থেকেই সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে সরে দাঁড়ানোর আগে এই মামলায় বিচারপতি কোনও ইতিবাচক পদক্ষেপ করলেন না অভিষেকের পক্ষে। যার ফলে আরও বিপাকে পড়লেন ডায়মন্ড হারবারের সাংসদ। 

    এদিন কলকাতা হাইকোর্টে অভিষেকের আইনজীবীকে একাধিক প্রশ্ন করেন বিচারপতি। তিনি বলেন, ''তদন্তে কোনটা প্রয়োজন, আর কোনটা নয়, সেটা তদন্তকারী সংস্থাকে বলে দিতে পারে না আদালত।'' ভোটের প্রচারে অভিষেকের ডিজে বাজানো মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি। ভোটের ফলপ্রকাশের পর থানায় অভিযোগও দায়ের হয়েছিল। ওই মন্তব্যের ঘটনায় তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চেয়েছে সিআইডি। মেলে আদালতের অনুমতিও। এরপরই সিআইডি কর্তারা তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। 

    অভিষেককে ভবানী ভবনে তলব করে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদও। কিন্তু কণ্ঠস্বর নমুনা পরীক্ষায় আপত্তি জানিয়েছিলেন অভিষেক। বিষয়টিকে হেনস্থা বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য ছিল, তিনি অস্বীকার করেননি, ওই কণ্ঠ তাঁর নয়, তাহলে কেন এই নমুনা পরীক্ষা? নিজের আর্জি জানিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলাতেই এবার ধাক্কা খেলেন তিনি। এর আগে ডিজে মামলায় কণ্ঠস্বর নমুনা পরীক্ষা হবে ৩০ জুন, নোটিস দিয়ে জানানো হয়েছিল তেমনটাই। 

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক প্রচারসভায় বিরোধীদের নিশানা করে হুঁশিয়ারির সুরে অভিষেক ব্যানার্জি বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব।” তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'-এর মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ ওঠে। এরপর বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেকের ওই মন্তব্যের বিরোধিতা করে এফআইআর দায়ের করেন। বিষয়টির তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডি-কে।

     
  • Link to this news (আজকাল)