কাউন্সিলরকে টোপর, গলায় দুর্নীতির অভিযোগের টোপর সঙ্গে
আজকাল | ০১ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্কঃ নদিয়ার রানাঘাটে এক পৌর কাউন্সিলরকে প্রকাশ্যে অপদস্থ ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, রানাঘাট পৌরসভার কাউন্সিলর জয়দীপ দত্তকে মাথায় বরের টোপর পরিয়ে, গলায় দুর্নীতির অভিযোগ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ফেলে মারধর করেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। ঘটনাটি সোমবার রাতে ঘটে বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তরা কাউন্সিলরকে জনসমক্ষে অপদস্থ করার পাশাপাশি শারীরিকভাবে হেনস্থা করেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে রাজনৈতিক সংঘর্ষ ও প্রকাশ্যে অপদস্থ করার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীও আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। সেই প্রেক্ষাপটে রানাঘাটের এই ঘটনা নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে।
ঘটনার পর শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এক পক্ষের দাবি, এটি জনরোষের বহিঃপ্রকাশ। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ, পরিকল্পিতভাবে একজন জনপ্রতিনিধিকে অপমান ও হেনস্থা করা হয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
এই ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। রাজনৈতিক মতভেদ থাকলেও আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে প্রকাশ্যে অপদস্থ বা মারধর করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত প্রকাশ করেছেন অনেকে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।