আজকাল ওয়েবডেস্ক: অভিষেকের সাধের সেবাশ্রয়। ডায়মন্ড হারবার তথা নিজের কেন্দ্রে এই ক্যাম্প চালু করে একপ্রকার সাড়া ফেলে দিয়েছিলেন। ক্যাম্প চলাকালীন নানা সময়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি সেবাশ্রয় থেকে এলাকার মানুষ কীভাবে উপকৃত হয়েছেন, সেই কাজের খতিয়ান তুলে ধরেছেন। তাঁর দাবি, বহু মানুষ উপকৃত হয়েছেন এই সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে। ডায়মন্ড হারবার মডেলের অনুসরণে নন্দীগ্রামেও চালু হয় সেবাশ্রয় ক্যাম্প। ছাব্বিশের ভোটের আগে, আরও একাধিক এলাকায় এই ক্যাম্প হয়। কিন্তু এবার সেবাশ্রয় নিয়েই বিরাট অভিযোগ। আগামিকাল সেই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বিজেপি নেতা, তথ্য তেমনতাই।
ভোটে তৃণমূলের হারের পর থেকে একাধিক অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। একদিন ইডি তলব করছে, একদিন সিআইডি। একাধিক বিষয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলছেন, ২০২৪-এর ভোটে তাঁরই প্রতিপক্ষ হিসেবে ভোট লড়া অভিজিৎ দাস ববি। এবার নিশানায় অভিষেকের সাধের 'সেবাশ্রয়'। মারাত্মক অভিযোগ তুলেছেন বিজেপি নেতা।
তাঁর অভিযোগ, 'সেবাশ্রয়ে বহু আইন বিরোধী কাজ করিয়েছেন খোদ অভিষেক।' আজকাল ডট ইন-কে বিজেপি নেতা জানান, 'এমবিবিএস সার্টিফিকেট নেই, এমন বহু হাতুড়ে চিকিৎসককে দিয়ে কাজ করানো হয়েছে।'
সঙ্গেই তাঁর সংযোজন, 'এই সেবাশ্রয় থেকে রেফারেন্স নিয়ে, অন্য হাসপাতালে গিয়ে, সেই রোগীর পা কেটে বাদ দিতে হয়েছে। ভুল চিকিৎসা হয়েছে। আমাদের কাছে উদাহরণ আছে। আমিকালের অভিযোগে সব বিস্তারিতভাবে লেখা হবে। এর আগেও বহুবার অভিযোগ দায়ের করেছি সেবাশ্রয়ের কাজকর্ম নিয়ে। কিন্তু, তৃণমূল জমানায় কাজ হয়নি কোনও। আশা, এই অভিযোগের ভিত্তিতে এবার ব্যবস্থা গ্রহণ করা হবে।'