আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে সরকারের পালাবদল হতেই একাধিক পরিবর্তন এনেছে নতুন সরকার। চালু হয়ে একাধিক প্রকল্প। জারি করা হয়েছে বেশ কিছু নতুন নিয়মবিধিও। রাজ্যের সব জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছে তৃণমূল সরকারের আনা বিশ্ববাংলার 'ব' লোগোও। এ বার তার বদলেই রাজ্যের উচ্চ পদস্থ আমলা তথা আইএএস আধিকারিকদের গাড়ির সামনের দিকে বিশেষ পতাকা ব্যবহারের নির্দেশিকা জারি করা হয়েছে।
নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে, আধিকারিকের পদমর্যাদা ও বর্তমান পদের ভিত্তিতে তাঁদের গাড়িতে ব্যবহার করতে হবে আলাদা ধরনের পতাকা। মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব ও প্রধান সচিবদের গাড়িতে থাকতে হবে আয়তাকার মাপের গাঢ় নীল পতাকা। সচিব ও সমমর্যাদার আধিকারিকদের জন্য রয়েছে দুই খাঁজযুক্ত গাঢ় নীল পতাকা ব্যবহারের নির্দেশ। অন্য দিকে, কমিশনার ও সমমর্যাদার আধিকারিকদের জন্য নির্দেশ ত্রিভুজাকার গাঢ় নীল পতাকা। ডিভিশনাল কমিশনারদের আয়তাকার এবং জেলাশাসকদের (ডিএম) জন্য ত্রিভুজাকার পতাকা ব্যবহারের নির্দেশিকাও জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমস্ত পদের আধিকারিকদের বিভিন্ন আকারের পতাকা গাড়ির বনেটের মাঝখানে বা সামনের গ্রিলে নির্দিষ্ট স্ট্যান্ডে লাগিয়ে রাখতে হবে। তবে শুধুমাত্র সরকারি কাজে গাড়ি ব্যবহারের সময়েই পতাকা লাগানো থাকবে। এ ছাড়া, আধিকারিক ওই গাড়িতে না থাকলে পতাকা খুলে রাখতে হবে। পতাকার যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। পতাকা লাগানো গাড়ি দেখিয়ে আধিকারিকেরা ট্রাফিক আইন ভাঙলে কোনও অতিরিক্ত ছাড় বা বিশেষ সুবিধা পাবেন না।
নির্দেশিকায় আরও জানানো হয়েছে, এই পতাকা ও পতাকাদণ্ড সংগ্রহ ও সরবরাহ করার কাজের দায়িত্বে থাকবে রাজ্যের পরিবহণ দপ্তর। মুখ্য সচিবের ওএসডি এবং আন্ডার সেক্রেটারির দপ্তর থাকবেন পতাকার রক্ষণাবেক্ষণ ও বিতরণের দায়িত্বে। এই পতাকা বিতরণ সংক্রান্ত তথ্যভান্ডার সংরক্ষণ করার পর তা জাতীয় সড়ক পরিবহণ সংস্থা, কলকাতা পুরসভা, পুলিশ ডিরেক্টরেট এবং কলকাতা পুলিশের সঙ্গে ভাগ করা হবে।