• কলকাতার একাধিক এলাকায় জারি হল নিষেধাজ্ঞা
    আজকাল | ০১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতার একাধিক এলাকায় আগামী ৬০ দিনের জন্য জারি হল নিষেধাজ্ঞা। সম্ভাব্য অশান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-র ১৬৩ ধারায় এই নির্দেশ জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ জুলাই থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত বৌবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ড এলাকার অন্তর্গত কে.সি. দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস (সিইএসসি সদর দফতর) পর্যন্ত ও সংলগ্ন এলাকায় (বেন্টিঙ্ক স্ট্রিট বাদে) পাঁচ বা তার বেশি ব্যক্তির জমায়েত, সভা, মিছিল, ধর্না, বিক্ষোভ, লাঠি বা অন্যান্য প্রাণঘাতী অস্ত্র বহন এবং জনশৃঙ্খলা বা যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে এমন কোনও কার্যকলাপ নিষিদ্ধ থাকবে।

    কলকাতা পুলিশের দাবি, বিশ্বস্ত সূত্রে সম্ভাব্য বিক্ষোভ ও শান্তিভঙ্গের আশঙ্কার তথ্য পাওয়ার পরই জনস্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    পুলিশ কমিশনারের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, এই সময়ের মধ্যে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না। লাঠি, আগ্নেয়াস্ত্র বা অন্য কোনও বিপজ্জনক অস্ত্র বহনেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এমন কোনও কাজ করা যাবে না, যাতে শান্তিভঙ্গ, জনদুর্ভোগ বা যান চলাচলে বিঘ্ন ঘটে।প্রশাসনের বক্তব্য, ধর্মতলা কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা। প্রতিদিন হাজার হাজার মানুষ ওই পথ ব্যবহার করেন। সেখানে রাজনৈতিক জমায়েত বা বিক্ষোভ থেকে বড়সড় বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। তাই বৃহত্তর জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পুলিশ আরও জানিয়েছে, এত সংখ্যক মানুষের কাছে আলাদা করে নোটিস পৌঁছে দেওয়া সম্ভব নয়। সেই কারণেই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার উপধারা অনুযায়ী একতরফা ভাবে এই নির্দেশ জারি করা হয়েছে। সংবাদমাধ্যম, কলকাতা পুলিশ গেজেট এবং বিভিন্ন থানার নোটিস বোর্ডের মাধ্যমে এই নির্দেশ প্রকাশ করা হবে।
  • Link to this news (আজকাল)