যেখানে-সেখানে নোংরা ফেললেই জরিমানা-আইনি খাঁড়া! শহর পরিচ্ছন্ন রাখতে নয়া নিয়ম, চালু হচ্ছে কবে?
News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
: শহরকে আবর্জনাযুক্ত ও পরিবেশবান্ধব করে তুলতে এবার আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের পাশাপাশি সিউড়ি পুরসভা। আগামী ১ সেপ্টেম্বর থেকে শহরে ‘নির্মল সাথী’ প্রকল্পের আওতায় পরিচ্ছন্নতা সংক্রান্ত নতুন নিয়ম কানুন কড়াকড়িভাবে কার্যকর করা হচ্ছে। এরপর থেকে রাস্তায় যেখানে-সেখানে প্লাস্টিক, বর্জ্য বা নোংরা ফেললে সংশ্লিষ্ট ব্যক্তিকে বড় অঙ্কের জরিমানা করা হবে বলে প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
নতুন এই নিয়ম সম্পর্কে সাধারণ মানুষকে আগাম সচেতন করতে বিভিন্ন ওয়ার্ড জুড়ে মাইকিং বা প্রচার চালান ‘নির্মল সাথী’ প্রকল্পের কর্মীরা। মাইক হাতে এলাকার বাড়ি বাড়ি ও রাস্তায় ঘুরে বাসিন্দাদের অনুরোধ করা হয়, যেন তাঁরা নির্দিষ্ট স্থানেই সমস্ত বর্জ্য ফেলেন এবং শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পুরসভাকে সহযোগিতা করেন। প্রকল্পের কর্মীদের দাবি, ‘নির্মল সাথী’ উদ্যোগটি চালু হওয়ার পর থেকে সিউড়ির নাগরিকদের মধ্যে সচেতনতা আগের চেয়ে অনেকটাই বেড়েছে। তবে শহরকে সম্পূর্ণ প্লাস্টিক ও দূষণমুক্ত করতে আরও বেশি মানুষকে এই নিয়মের আওতায় আনা জরুরি।
পাশাপাশি, অগ্নিমিত্রা পাল এই নির্মল সাথী প্রকল্পের আইন কঠোরভাবে কার্যকর করার যে বার্তা দিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছেন কর্মীরা। তাঁদের মতে, শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে এটি অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী একটি সিদ্ধান্ত। ১ সেপ্টেম্বর থেকে নিয়ম ভাঙলে আইনি পদক্ষেপ ও জরিমানা, দুই-ই করা হবে বলে পুর সূত্রে খবর।
এর পাশাপাশি তাদের তরফ থেকে বেশ কিছু দিন নির্ধারণ করে দেওয়ার কথাও জানানো হয়েছে। যে দিনগুলিতে প্লাস্টিক-সহ অন্যান্য ভাঙাচোরা বর্জ্য সংগ্রহ করা হবে। এলাকা যাতে এবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্যই এমন পদক্ষেপ, যে পদক্ষেপে সবাই উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে।