মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় হাওড়ার জগৎবল্লভ পুরের মাজু এলাকায়! মুন্সিরহাট থেকে চন্দ্রপুর সড়কে দক্ষিণ মাজু এলাকায় এদিন লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বাইক আরোহীর। প্রত্যক্ষদর্শীদের কথায় মর্মান্তিক দৃশ্য, লরির চাকা বাইক আরোহীর মাথা ও গলার উপর দিয়ে চলে যায়।
জানা যায়, হাওড়ার বাগনানের বাসিন্দা ৪৫ বছর বয়সী সিরাজুল মিদ্দে আমতা চন্দ্রপুরের দিক থেকে মুনসিরহাটে যাচ্ছিলেন। সেই সময় মুন্সিরহাটের দিক দুরন্ত গতিতে আসা লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা। বাইক আরোহী রাস্তায় ছিটকে লরির চাকার নিচে পড়ে। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। ঘটনার জেরে হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের দক্ষিণ মাজু এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ক্ষুব্ধ মানুষ ঘটনার প্রতিবাদে পথে নামে। থমকে পড়ে চন্দ্রপুর-মুন্সিরহাট সড়ক। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ পৌঁছে সড়ক থেকে দেহ উদ্ধার করে, যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয় মানুষের অভিযোগ বেপরোয়া লড়ি ড্যাম্পার বড় যান চলাচলে দুর্ঘটনার আশংকা বাড়াচ্ছে। তবে রাস্তার দুই ধার দখল করে ইট বালি পাথর সহ নানা সামগ্রী থাকায় সংকীর্ণ হয়ে পড়ছে রাস্তা, তাতেই দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি।
এ প্রসঙ্গে মাজু গ্রাম পঞ্চায়েত সদস্য অশোক সিংহ এবং স্থানীয় মানুষ জানান, রাস্তা দখল করে রয়েছে কাঠ ইট বালি পাথর। এই সমস্ত জিনিস না থাকলে হয়ত দুর্ঘটনা কম হত। অবৈধভাবে রাস্তা দখল না থাকলে হয়ত ব্যক্তি প্রাণে বেঁচে যেতে পারত বাইক আরোহী। গত কয়েক বছরে রাস্তা দখল করে সামগ্রী রাখার প্রবণতা বেড়েছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনাও।
গত কয়েক বছরে দুর্ঘটনার আশঙ্কা প্রবল হয়েছে চন্দ্রপুর মুন্সিরহাট সড়কে, অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি রাস্তার দু’পাশে অবৈধভাবে সামগ্রী রাখা বন্ধ হোক। দুর্ঘটনা কমাতে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।