এবার ফলতার জাহাঙ্গিরের বিপুল সম্পত্তির হদিস, উদ্ধার বহু দলিল! কী ভাবে এল? খোঁজে তদন্তকারীরা
News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
এবার জাহাঙ্গির খান ও তাঁর স্ত্রীর বিপুল সম্পত্তির হদিস মিলল। তদন্তে জাহাঙ্গিরের একাধিক দলিলের খোঁজ মিলেছে। এই ঘটনার সঠিক ব্যবস্থা গ্রহণ করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন, এমনটাই জানিয়েছেন ফলতার বিধায়ক তথা আইনজীবী দেবাংশু পন্ডা।
এই ঘটনার সঙ্গে তৎকালীন বিডিও ও বিএলআরও সহযোগিতা থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। ভুয়ো দলিল ও করা হয়েছিল, প্রায় ৩০-৪০টির মত এরকম দলিলের হদিস মিলেছে। তদন্তকারীরা জানতে চান, এই সম্পত্তির উৎস কী। কী ভাবে এই সম্পত্তি করলেন জাহাঙ্গির। চমকে ধমকে এই সম্পত্তি আদায় করেছেন কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্রের খবর, উদ্ধার হওয়া দলিলগুলি জমি, ফ্ল্যাট-সহ একাধিক স্থাবর সম্পত্তির। এই সম্পত্তিগুলির প্রকৃত মালিকানা, অর্থের উৎস এবং কী ভাবে এগুলি নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তকারী আধিকারিকদের দাবি, উদ্ধার হওয়া দলিলগুলির ভিত্তিতে সম্পত্তির মূল্য, অবস্থান এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের কাজ শুরু হয়েছে। প্রয়োজনে এই সম্পত্তিগুলির সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি বা আর্থিক লেনদেনের দিকও খতিয়ে দেখা হবে।
তদন্তকারীদের মতে, উদ্ধার হওয়া এই বিপুল সম্পত্তির নথি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে সমস্ত নথি খুঁটিয়ে পরীক্ষা করে পরবর্তী আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে। এই ধরণের ঘটনাগুলি প্রমাণিত হলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই নিয়ে ফলতার বিধায়ক দেবাংশু পন্ডা জানান, আপনারা জানেন আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কোনভাবেই এইগুলি বরদাস্ত করা হবে না। সম্পত্তি ভুয়ো ভাবে তৈরি করা হয়েছে, জাল করা হয়েছে। শুধু ফলতা নয়, ফলতার আশেপাশের বিভিন্ন জায়গাতেও এইগুলি করা হয়েছে। ফলতাতে গণতন্ত্র ফিরে এসেছে। অনেকের নামে এই সম্পত্তি করে রেখেছে, জাহাঙ্গীর তার স্ত্রী, শাগরেদ সহ আরও অনেকের নামে করে রেখেছে। সমস্ত কিছুর ব্যবস্থা করা হবে।