• নার্স নন, বাচ্চার হাতের চ্যানেল খুলছিলেন ওয়ার্ড বয়! তারপরই কেটে গেল আড়াই মাসের শিশুর আঙুল
    News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
  • নার্সের বদলে ওয়ার্ড বয়ের হাতে চ্যানেল খোলা, কাঁচির কোপে কেটে গেল আড়াই মাসের শিশুর আঙুল! চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। নার্সের বদলে ওয়ার্ড বয়ের হাতে স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্ব, আর সেই চ্যানেল খুলতেই ঘটল বিপত্তি। অভিযোগ, চ্যানেল খুলতে গিয়ে আড়াই মাসের এক শিশুর আঙুল কেটে দেন ওয়ার্ড বয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে।

    অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। ফের একবার সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ সামনে আসায় প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালের পরিষেবা ব্যবস্থা নিয়ে। জানা গিয়েছে, গত ২৬ জুন এলাকার বাসিন্দা তাঁর আড়াই মাসের অসুস্থ শিশু কন্যা কে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। এদিন শিশুটির হাসপাতাল থেকে ছুটি হওয়ার কথা ছিল। অভিযোগ, ছুটির আগে শিশুটির হাতে লাগানো স্যালাইনের চ্যানেল খুলতে যান হাসপাতালের ওয়ার্ড বয় উজ্জল কুমার সাহা।

    শিশুটির পরিবারের এক সদস্য মঞ্জুর আলম অভিযোগ করে বলেন, “চ্যানেল খোলার সময় কাঁচি ব্যবহার করতে গিয়েই শিশুটির বাম হাতের বুড়ো আঙুল কেটে রক্তপাত হয়। ওই সময় কর্তব্যরত সিস্টার চেয়ারে বসে থাকলেও তিনি নিজে চ্যানেল না খুলে ওয়ার্ড বয়কে সেই কাজের দায়িত্ব দেন। ঘটনার বিবরণ জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। আমরা চাই শিশুটি কে যেন সুস্থ করে তোলা হোক।”

    ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিবারের সদস্যরা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি চাঁচল থানাতেও অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবারের সদস্যরা। এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
  • Link to this news (News18 বাংলা)