• উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন দিন
    News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
  • উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে ৩রা জুলাই নিম্নচাপে ঘনীভূত হতে পারে। এই সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ৩রা জুলাই নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে।

    এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হবে, ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৩রা জুলাই থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    দক্ষিণবঙ্গে আজ মূলত আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি না হলে গরম অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সর্তকতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় সম্ভাবনা বেশি থাকবে। এই জেলায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। বাকি জেলাতেও বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড়, বজ্রপাতের আশঙ্কা থাকবে।

    আগামিকাল বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা কলকাতা-সহ সব জেলায়। বৃহস্পতিবার ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়, বজ্রপাতের আশঙ্কা থাকবে।

    শনিবারে ফের ভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতা-সহ বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায়।
  • Link to this news (News18 বাংলা)