মা-বোনের উপর হামলার প্রতিবাদ করতেই মর্মান্তিক পরিণতি! ধারালো অস্ত্র নিয়ে হামলা, নৃশংস খুন যুবক
News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
পারিবারিক বিরবাদের জেরে মর্মান্তিক পরিণতি যুবকের। সামান্য ঘটনাকে কেন্দ্র করে পিসার হাতে খুন ২৮ বছরের এক তরতাজা যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদহের মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ রবিউল (২৮)। বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে আলতাফ মোমিনের মেয়ের সঙ্গে আলতাফের শ্যালকের স্ত্রী সালমা খাতুনের বচসা বাধে।
অভিযোগ, সেই বচসার জেরে আলতাফ মোমিন সালমা খাতুন ও সালমা খাতুনের মেয়ে আকলিমাকে মারধর করে। বিষয়টি জানতে পেরে সালমা খাতুনের ছেলে শেখ রবিউল প্রতিবাদ করতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় আলতাফ মোমিন ঘর থেকে একটি ধারালো অস্ত্র বের করে রবিউলের উপর অতর্কিত হামলা চালায়। গুরুতর জখম হয়ে রবিউল ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের আত্মীয় ফিরদৌসি বিবির দাবি, “পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে। তিনি জানান, মা ও বোনের উপর হামলার প্রতিবাদ করতেই রবিউলের উপর ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি হামলা চালায় আলতাফ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকৈ মৃত বলে ঘোষণা করেন।”
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অভিযুক্ত আলতাফ মোমিন ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পলাতক বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।