• নির্বিচারে গাছ কাটায় হারিয়েছে আস্তানা, এবার পাখিদের 'ভবিষ্যত' গড়তে কোমর বেঁধে নামল যুবসমাজ
    News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
  •  পাখিদের জন্য ফলের গাছ, অশোকনগরে যুবসমাজ দেখাল বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। বর্ষাকালকে সামনে রেখে পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পাখিদের বাসস্থান ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল অশোকনগরের ১৫ নম্বর ওয়ার্ডের যুবসমাজ। ভারতী ক্লাব সংলগ্ন এলাকায় এই উদ্যোগে আম, পেয়ারা, মালটা, লেবুসহ বিভিন্ন ধরনের ফলের গাছ রোপণ করা হয়।

    উদ্যোক্তাদের বক্তব্য, নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশাপাশি পাখিদের প্রাকৃতিক আবাসস্থলও ক্রমশ হারিয়ে যাচ্ছে। এর ফলে একদিকে যেমন জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাড়ছে পরিবেশের তাপমাত্রা। সেই পরিস্থিতি মোকাবিলায় ফলের গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে পাখিরা খাদ্য ও নিরাপদ আশ্রয় দুই-ই পেতে পারে। এদিন যুবসমাজের সদস্যরা এলাকাজুড়ে ঘুরে বিভিন্ন স্থানে গাছ রোপণ করেন।

    প্রতিটি বাড়ির সামনে একটি করে ফলের গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়। উদ্যোক্তাদের মতে, বাড়ির মালিকেরা গাছের পরিচর্যা করলে গাছগুলি দ্রুত বেড়ে উঠবে। এতে যেমন এলাকাবাসী ছায়া ও নির্মল বাতাস পাবেন, তেমনি পাখিরাও ফিরে পাবে তাদের হারিয়ে যাওয়া আবাসস্থল। উদ্যোক্তারা জানান, দেশের প্রধানমন্ত্রীও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন।

    সেই বার্তাকে সামনে রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্ষাকালে গাছের বৃদ্ধি দ্রুত হওয়ায় অল্প সময়ের মধ্যেই এলাকায় সবুজের পরিমাণ বাড়বে বলে তাঁদের আশা। এছাড়াও ভবিষ্যতে পাখিদের জন্য বিশেষ বাসা তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কর্মসূচির শেষে সকলকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান যুবসমাজের সদস্যরা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ প্রেমেরাও।
  • Link to this news (News18 বাংলা)