স্কুল ছুটির পর আর ফেরা হল না বাড়ি! মালদহে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত শিক্ষক ও চালক
News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
: স্কুল ছুটির পর বাড়ি ফেরা আর হল না। চার চাকা গাড়িতে করে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল শিক্ষক ও গাড়িচালকের। মঙ্গলবার দুপুরে পুরাতন মালদহ থানার নারায়ণপুর মিশন রোড এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিক্ষকের নাম সুতনু ভট্টাচার্য (৪৩)। তিনি মালদহ শহরের বাসিন্দা এবং হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাইস্কুলের শিক্ষক ছিলেন। অপর মৃত ব্যক্তি গাড়ির চালক। তবে সংবাদ লেখা পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি, কারণ পরিবারের সদস্যরা এখনও হাসপাতালে পৌঁছাননি।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় একটা নাগাদ স্কুল ছুটির পর সুতনু ভট্টাচার্য একটি চার চাকা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। নারায়ণপুর মিশন রোড এলাকায় পৌঁছতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং শিক্ষক ও চালক গুরুতর জখম হন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মালদহ থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত দুজনকে দ্রুত মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁদের মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।
ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং লরিটিকে আটক করেছে পুলিশ। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় শিক্ষক মহল, সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।