• স্কুল চলছিল, ক্লাসেও এসেছিল দশমের এই ছাত্র, তারপর হস্টেলে ফিরে ঘটাল ভয়ঙ্কর কাণ্ড...তদন্তে পুলিশ
    News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
  • তমলুক থানার অন্তর্গত একটি স্কুলে ৩০ জুন মঙ্গলবার সকালে স্কুল চলাকালীন এক দশম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্কুলের হস্টেল থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রথমে ওই ছাত্রটিকে দেখতে পায় হস্টেলের অন্যান্য ছাত্ররা। তারাই স্কুলের শিক্ষকদের খবর দেয়, খবর যায় তমলুক থানায়। ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। জানা গিয়েছে, স্কুলে মর্নিং সেশনে ক্লাস চলছিল। সকালে যথারীতি হস্টেল ঘর থেকে ছাত্রটি ক্লাসরুমে আসে। কিন্তু দু’টি ক্লাস করার পর হস্টেলে ফিরে যায়। এরপর স্কুল ছুটি হলে হস্টেলের অন্যান্য ছাত্ররা ফিরে গিয়ে দেখতে পায় ওই ছাত্রকে।

    ওই ছাত্রের নাম সুখেন দাস। দীর্ঘ কয়েক বছর ধরেই স্কুল হস্টেল থেকেই পড়াশোনা করছিল সে, কিন্তু এদিন এই অনভিপ্রেত ঘটনা ঘটাবে বলে কেউ অনুমান করতে পারেনি! স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক তমলুক থানার পুলিশকের খবর দেয়। তমলুক থানার পুলিশ এসে ওই ছাত্রটির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান প্রেমঘটিত কারণে দশম শ্রেণির ছাত্রটি এমন চরম সিদ্ধান্ত বেছে নেয়।

    দশম শ্রেণির ওই স্কুল ছাত্রের বাবা দেবাংশু দাস জানিয়েছেন, “ছেলের সঙ্গে বন্ধুর মতো মিশে যাই। ছেলের সবকিছু বিষয়ে আলাপ-আলোচনা হত। দীর্ঘদিন থেকেই এই স্কুলের হস্টেলে রয়েছে। এদিন সকাল সাড়ে দশ’টার পর স্কুলের হস্টেল সুপার ফোন করে আমাকে ডাকে, এসে জানতে পারি আমার ছেলে আর নেই! কী থেকে কী হল কিছুই বুঝতে পারছি না। আমার ছেলে এরকম করতে পারবে ভাবতেই পারছি না।” এই ঘটনায় সন্দেহ প্রকাশ করে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন ওই স্কুল ছাত্রের বাবা।

    অন্যদিকে, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, “পড়াশোনায় খুব ভাল না হলেও আচার-আচরণ ও ব্যবহারের দিক থেকে ওই ছাত্রটি ভাল ছিল। কিন্তু কেন এই কাণ্ড ওই ছাত্রটি ঘটাল আমরা ভেবে উঠতে পারছি না।” পুলিশের প্রাথমিক তদন্তে একটি চিঠি উদ্ধার হয়েছে মর্মান্তিক সিদ্ধান্ত নেওয়া ছাত্রের কাছ থেকে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

    (DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
  • Link to this news (News18 বাংলা)