• ইডি দপ্তরে হাজিরা সোনা পাপ্পুর স্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ০১ জুলাই ২০২৬
  • গত ১৮ মে ইডি দপ্তরে স্ত্রী সোমা পোদ্দারকে সঙ্গে নিয়েই ইডি দপ্তরে গিয়েছিলেন সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। সেই দিনই তাঁকে গ্রেপ্তার করে ইডি। মঙ্গলবার একই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে একাই হাজিরা দিলেন সোমা পোদ্দার।

    ইডি সূত্রে জানা গিয়েছে, সোনা পাপ্পু এবং ব্যবসায়ী জয় কামদারের বিরুদ্ধে দায়ের হওয়া জমি দখলের মামলার তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। উল্লেখ্য, একই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস।

    এর আগে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল ইডি। পাশাপাশি তদন্তকারীরা জানতে পারেন, সোমা পোদ্দারের নামে থাকা একটি সংস্থার সঙ্গে বেহালার ব্যবসায়ী জয় কামদারের সংস্থার আর্থিক লেনদেন হয়েছিল। সেই সূত্র ধরেই তদন্ত আরও এগোয়।

    ইতিমধ্যেই জয় কামদারের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। তবে সোনা পাপ্পুর বিরুদ্ধে এখনও চার্জশিট দাখিল করা হয়নি। তদন্তের এই পর্যায়ে তাঁর স্ত্রী সোমা পোদ্দারকে তলব করাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে তদন্তকারী মহল।

    অন্যদিকে, দক্ষিণ কলকাতার গোলপার্কে অশান্তির ঘটনাতেও সোনা পাপ্পুকে নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ। এর আগে তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি। পরে ইডির হেফাজত থেকে তাঁকে জেলে নেওয়া হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)