• পুলিশের কাজে বাধা! এবার অপরূপার বিরুদ্ধে মামলা, মঙ্গলেই যেতে হবে থানায়
    প্রতিদিন | ০১ জুলাই ২০২৬
  • জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গ্রেপ্তার করেছে তাঁর স্বামীকে। সেই ঘটনার পরপরই প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। স্বতঃপ্রণোদিত মামলা করেছে শ্রীরামপুর থানার পুলিশ। আগামী কাল, মঙ্গলবার তাঁকে থানায় ডেকে পাঠানো হয়েছে। প্রথমে স্বামীর গ্রেপ্তারি ও পরে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, রীতিমতো চাপে ফেলল অপরূপাকে! এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন তৃণমূলের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে পুলিশকে ধাক্কা দেওয়া ও কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল।

    সাম্প্রদায়িক উসকানির অভিযোগে তিন বছর আগেকার মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদের কাউন্সিলর স্বামী। মঙ্গলবার দুপুরে রিষড়ার বাড়ি থেকে সাকির আলি নামে ওই কাউন্সিলরকে এনআইএ গ্রেপ্তার করার পর বিকেলে পুলিশের সাহায্যে তাঁকে বাড়ি থেকে বের করার সময় কার্যত আছড়ে পড়ল জনবিক্ষোভ। কাউন্সিলরের গ্রেপ্তারি আটকাতে বাড়ি থেকে পুলিশের গাড়ি ঘিরে ধরলেন স্থানীয় বাসিন্দারা। স্বামীর এমন অতর্কিত গ্রেপ্তারি মেনে নিতে পারেননি প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় মেজাজ হারিয়েছিলেন অপরূপা!

    সেসময় ওই এলাকায় বিপুল সংখ্যায় পুলিশ ও মহিলা পুলিশ উপস্থিত ছিলেন। তৃণমূল নেত্রী সেখানে উপস্থিত মহিলা পুলিশদের সঙ্গে কিছুটা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েছিলেন তিনি! পুলিশ তাঁকে গাড়ির কাছে যেতে নিষেধ করেছিল। কিন্তু অপরূপা গাড়ির সামনে চলে যেতে চাইছিলেন। সেসময় পুলিশকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই জানা যায়, অপরূপা পোদ্দারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। আগামী কালই তাঁকে থানায় ডেকে পাঠানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)