• ‘বুলেট ট্রেনের গতিতে...’, গ্রামের বিকাশ নিয়ে মোদীর পরামর্শ নিলেন দিলীপ, বৈঠক নির্মলা, অশ্বিনীর সঙ্গেও
    এই সময় | ০১ জুলাই ২০২৬
  • গ্রামের সার্বিক বিকাশের জন্য কী কী নীতি নেওয়া উচিত? মঙ্গলবার সেই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ নিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ৷ একই সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও বৈঠক করলেন তিনি।

    মন্ত্রী হওয়ার পরে প্রথম বার দিল্লি সফরে গিয়েছেন দিলীপ। এ দিন প্রথমেই তিনি দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। পশ্চিমবঙ্গের গ্রামগুলির সার্বিক উন্নয়নে তাঁর পরামর্শ চান দিলীপ। সরকারি সূত্রের দাবি, মোদী দিলীপকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটের মতো রাজ্যের গ্রামগুলি সরেজমিনে খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, সেই অনুযায়ী বাংলায় পদক্ষেপ করতে হবে। প্রয়োজনে রাজ্যের গ্রামোন্নয়ন সুনিশ্চিত করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘গত ৫০ বছরে কেন্দ্রের বিরোধী দল রাজ্যের ক্ষমতায় ছিল। এখন পরিস্থিতি বদলেছে। ডবল ইঞ্জিন সরকারকে বুলেট ট্রেনের গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে।’ প্রধানমন্ত্রীর সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    এর পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও সাক্ষাত করেন দিলীপ। সেই সাক্ষাতের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিলীপ লিখেছেন, ‘আমরা পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি৷ রাজ্যের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায়, তা নিয়েও কথা হয়েছে৷’ পশ্চিমবঙ্গ যাতে এ বার থেকে সব কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পায় তা নিয়েও অর্থমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ। এর পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন রাজ্যের মন্ত্রী।

    সূত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এ দিন বাংলার বিখ্যাত আম এবং সন্দেশ উপহার দেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। সন্ধ্যায় দিল্লির ‘মিনি কলকাতা’ হিসেবে খ্যাত চিত্তরঞ্জন পার্কে রাজ্য সরকারের উদ্যোগে পরিচালিত আম উত্‍সব বা ‘ম্যাঙ্গো মেলা’-তে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন।

    আগামী ৫ জুলাই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গের সব জেলার জেলাশাসক, বিডিও এবং পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন দিলীপ। রাজ্যের বিভিন্ন প্রান্তে কী ভাবে ভিবি জি রামজি-সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের কাজ চলছে, তা নিজে খতিয়ে দেখবেন তিনি৷

  • Link to this news (এই সময়)