• পর্যটকদের জন্য সুখবর, পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেনের সময়সীমা বাড়াল রেল
    এই সময় | ০১ জুলাই ২০২৬
  • পর্যটকদের জন্য সুখবর। পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেনের সময়সীমা বাড়াল রেল। রথযাত্রার আগেই এই ঘোষণা করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, জুলাই মাসেও চলবে ০৮১১৭/০৮১১৮ পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেন।

    মঙ্গলবারই এই ট্রেনটি আরও এক মাস চালানো হবে বলে জানানো হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবং ভ্রমণের চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া স্পেশাল ট্রেনটির পরিষেবা ৩১ জুলাই পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    গত বছর দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয় । সেই সময়েই যাত্রীদের সুবিধার্থে চালু হয়েছিল পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া স্পেশাল ট্রেন। তার পর থেকে এই ট্রেনে যাত্রী সংখ্যা ক্রমেই বাড়ছে। সেই কারণেই স্পেশাল এই ট্রেনের সময়সীমা গত কয়েক মাসে একাধিক বার বৃদ্ধি করেছেন দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ।

    ০৮১১৭ আপ ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় পাঁশকুড়া স্টেশন থেকে ছেড়ে সকাল ৯টা ২০ মিনিটে দিঘা পৌঁছয়। অন্যদিকে, ০৮১১৮ ডাউন ট্রেনটি সকাল সাড়ে ৯টায় দিঘা ছেড়ে সকাল ১১টা ৫০ মিনিটে পাঁশকুড়ায় ঢোকে। যাত্রাপথে তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাঁথি, রামনগর-সহ একাধিক স্টেশনে দাঁড়ায় এই ট্রেন। ফলে শুধু দিঘা নয়, যে সমস্ত পর্যটক মন্দারমণি এবং তাজপুর যেতে চান তাঁদেরও সুবিধা হয়।

    এমনিতেই সারা বছরেই ভিড় থাকে দিঘায়। জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে সেই ভিড় আরও বৃদ্ধি পেয়েছে। গত সোমবারই হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। আগামী ১৬ জুলাই রথযাত্রা। সেই দিনও প্রচুর পর্যটক এবং ভক্ত আসবেন দিঘায় বলে আশা মন্দির কর্তৃপক্ষ-র। এই ট্রেন থাকার কারণে সুবিধা হবে দিঘা আসা পর্যটকদের বলে জানিয়েছেন পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

  • Link to this news (এই সময়)