অপেক্ষার অবসান, বাংলাদেশের নাগরিকদের ট্যুরিস্ট ভিসা দেওয়া চালু ভারতের, খুশি সীমান্তের ব্যবসায়ীরা
News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
ভারত-বাংলাদেশ মৈত্রী ও যাতায়াতের নতুন দিগন্ত, টুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্তে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মনে স্বস্তি! দীর্ঘ বিরতির পর, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত পুনরায় টুরিস্ট ভিসা পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত তাদের ভিসা নীতিতে কঠোরতা আরোপ করতে বাধ্য হয়েছিল।
এতদিন মূলত শুধু মেডিক্যাল ও অত্যন্ত জরুরি প্রয়োজনেই অত্যন্ত সীমিত পরিসরে ভিসা প্রদান করা হচ্ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেট এই পাঁচটি গুরুত্বপূর্ণ ভিসা আবেদন কেন্দ্র থেকে পুনরায় টুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হচ্ছে। দীর্ঘদিন পর ভারতীয় হাইকমিশনের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপকে উভয় দেশের সাধারণ নাগরিক, ভ্রমণপ্রেমী এবং ব্যবসায়ীরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
এই সিদ্ধান্তের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে আবার পারস্পরিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রে গতি ফিরবে বলে মনে করছেন সকলে। গেদে চেকপোস্টে কর্মরত ফরেন কারেন্সি ব্যবসায়ী দীনবন্ধু মহালদার জানান, বিগত দুই বছর ভিসা বন্ধ থাকার কারণে সীমান্ত ও চেকপোস্ট কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে এক স্থবিরতা তৈরি হয়েছিল, যার ফলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। বর্তমানে টুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্তে তিনি আশার আলো দেখছেন।
বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা খাদেমুল ইসলাম এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে দুই দেশের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সংস্কৃতি, সামাজিকতা ও আত্মীয়তার বন্ধন দীর্ঘদিনের ও অত্যন্ত গভীর। টুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার ফলে পারিবারিক যোগাযোগ, পর্যটন এবং উন্নত চিকিৎসার জন্য যাতায়াত অনেক সহজ হয়ে উঠবে, যা দুই দেশের মানুষের আত্মিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করবে। সব মিলিয়ে, এই টুরিস্ট ভিসা পরিষেবা পুনরায় চালু করাকে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।