গ্রামের বুকে লুকিয়ে পরিবেশপ্রেমীদের স্বর্গ..! মালদহের এই ছোট ব্যারেজ এখন নেটদুনিয়ার নতুন আকর্ষণ
News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
ঐতিহাসিক গৌড় ও আদিনার জন্য পরিচিত মালদহে এবার পর্যটকদের নজর কেড়েছে এক নতুন ঠিকানা। ভাগীরথী নদীর উপর অবস্থিত রামচন্দ্রপুর–মধুঘাট সংলগ্ন ছোট ব্যারেজ ও স্লুইস গেট ঘিরে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। সামাজিক মাধ্যমে এই স্থানের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমাচ্ছেন এখানে।
মালদহ শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে, গোপীনাথপুর ও রামচন্দ্রপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া ভাগীরথী নদীর উপর রয়েছে এই স্লুইস গেট ও রেল ব্রিজ। নদীর উচ্ছ্বসিত জলপ্রবাহ, চারপাশের সবুজ প্রকৃতি এবং ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচলের দৃশ্য মিলিয়ে এলাকাটি যেন এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা। বিশেষ করে সপ্তাহান্তে পরিবার ও বন্ধুদের নিয়ে অনেকেই এখানে সময় কাটাতে আসছেন।
আরও পড়ুন: ‘আজ ভোররাতে, এক ব্যক্তি আমার বাড়ির বাইরে এসে হঠাৎ বাইক থামিয়ে…’, সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের
কেউ নদীর পাড়ে বসে প্রকৃতি উপভোগ করছেন, আবার কেউ নেমে পড়ছেন নদীর জলে স্নান করতে। ঘুরতে আসা যুবক নিজামুদ্দিন শেখ বলেন, “এত সুন্দর জায়গা মালদহে রয়েছে, আগে জানতাম না। সামাজিক মাধ্যমে ভিডিও দেখেই এখানে এসেছি। প্রকৃতির এমন অপূর্ব সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায়।”
অন্য এক যুবক রাজ মণ্ডল জানান, “প্রায়ই এখানে আসি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জায়গাটি ব্যাপক জনপ্রিয় হয়েছে। ছোট এই ব্যারেজটি দেখতে অনেকটা ফারাক্কা ব্যারেজের মত। পাশের রেল ব্রিজ দিয়ে ট্রেন যাওয়ার দৃশ্য আরও আকর্ষণীয় করে তোলে পরিবেশকে।”
আরও পড়ুন: বাংলার মহিলাদের জন্য সুখবর…! অন্নপূর্ণা যোজনা থেকে ঢুকছে ৩০০০ টাকা, কবে পাচ্ছেন পরবর্তী ‘কিস্তি’? এসে গেল নতুন আপডেট
স্থানীয়দের মতে, সামাজিক মাধ্যমে পরিচিতি বাড়ার পর থেকেই পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পর্যটন সম্ভাবনাময় এই স্থানকে ঘিরে ভবিষ্যতে আরও উন্নত পরিকাঠামো গড়ে উঠলে মালদহের অন্যতম জনপ্রিয় উইকএন্ড ডেস্টিনেশন হয়ে উঠতে পারে রামচন্দ্রপুর-মধুঘাট ব্রিজ সংলগ্ন এই ছোট ব্যারেজ। প্রকৃতিপ্রেমীদের কাছে এটি এখন জেলার নতুন আকর্ষণ বলেই মনে করছেন অনেকে।