• ক্রেতা সেজে এল, ট্রায়াল রাইডে বেরোল... আর ফিরল না বাইক! শেষমেশ পুলিশের জালে অভিযুক্ত
    News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
  • ট্রায়াল রাইডের নাম করে মোটরসাইকেল নিয়ে চম্পট, অশোকনগর পুলিশের জালে অভিযুক্ত। অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে ক্রেতা সেজে এসে ট্রায়াল রাইডের নামে বাইক নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় এক যুবক কে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী সৌমজিৎ সাহা কল্যাণগড় এলাকার বাসিন্দা। তিনি একটি অনলাইন সাইটে নিজের মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন।

    গত ১৩ মে একটি অজ্ঞাত নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনে ওই ব্যক্তি নিজেকে ক্রেতা বলে পরিচয় দিয়ে সেদিন সন্ধ্যায় সৌমজিৎবাবুর বাড়িতে যান। প্রথমে মোটরসাইকেলটি নিয়ে কথাবার্তা বলার পর ট্রায়াল রাইডের অজুহাতে বাইকটি নিয়ে বেরিয়ে যান। এরপর আর ফিরে আসেননি। ঘটনার পর অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে জগদ্দল থানার ব্যানার্জিপাড়া এলাকা থেকে সুদীপ ঘোষ ওরফে রানা (৩৮)-কে গ্রেফতার করা হয়। তাঁর স্থায়ী বাড়ি ভাটপাড়া থানার  রথতলা এলাকায়। তবে তিনি অন্যত্র ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

    পুলিশ জানিয়েছে, সুদীপ ঘোষের বিরুদ্ধে অতীতেও একাধিক অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এদিন ধৃতকে বারাসাত আদালতে তোলা হয়। এদিন পুলিশের তরফ থেকে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে জিনিসপত্র বিক্রির ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের কথাও জানানো হয়। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বহু ক্ষেত্রেই দেখা যায় গাড়িসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। সেই বিজ্ঞাপনকেই একশ্রেণীর দুষ্কৃতীরা হাতিয়ার বানায় প্রতারণার জন্য। ব্যক্তিগত তথ্য থেকে যাবতীয় ইনফরমেশন নিয়ে তারা নানা অনৈতিক কাজের পাশাপাশি এই ধরনের চুরির ঘটনাও ঘটায় বলেই পুলিশ জানিয়েছে। নাগরিকদের বিশেষ সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয় প্রশাসনের তরফে।
  • Link to this news (News18 বাংলা)