• শংসাপত্রে বানান ভুল! সেশেলসের সম্মান নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ
    বর্তমান | ০১ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি: রবিবারই সেশেলসের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসাবে সেদেশের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ দেওয়া হয়েছে। এরপরই প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস, তৃণমূল। তাঁদের দাবি, অর্থের বিনিময়ে ভুল শংসাপত্রের ওই সম্মান পেয়েছেন মোদি। 

    কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেতে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘গোটা পৃথিবী প্রধানমন্ত্রী মোদিকে বুঝে ফেলেছে। ওঁনাকে সম্মান দেওয়া হলেই উনি ছুটে আসবেন। চারদিন আগেই ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ নামের এই নতুন অ্যাওয়ার্ডটি অনুমোদন করেছে সেশেলসের সরকার। প্রধানমন্ত্রী মোদি ছাড়া কেউ এই সম্মান পাননি। দেশটি এতো তাড়াহুড়োতে ছিল যে শংসাপত্রে একাধিক বানান ভুল রয়েছে।’ পোস্টের সঙ্গে সেই ভুল বানানের শংসাপত্রের ছবিও পোস্ট করেছেন সুপ্রিয়া। আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে কংগ্রেস নেত্রী লিখেছেন, চলতি বছরেই এমনই একটি আনকোরা নতুন সম্মান প্রধানমন্ত্রী মোদিকে দিয়েছিল ইজরায়েল। যেটি তার আগে বা পরে কেউ পাননি। তাঁর দাবি, সেশলসকে ১২৫ মিলিয়ন ডলার ক্রেডিট লাইন ও ৫০ মিলিয়ন ডলার অনুদানের আশ্বাসের বদলে এই পুরস্কার পেয়েছেন মোদি। একই সুরে মোদিকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। এক্স হ্যান্ডলে মহুয়ার  আক্রমণ, সেশলসকে ক্রেডিট লাইন ও অনুদান দিতে দেশের মানুষের টাকা ব্যবহার করা হয়েছে। বিনিময়ে তাঁরা একটি ভুল বানানের শংসাপত্র দিয়েছে।  সেশেলসে খুদেদের মাঝে মোদি। ছবি: পিএমও
  • Link to this news (বর্তমান)