• একার সিদ্ধান্তে নয়, সরকারি নিয়ম মেনে বইমেলা: বিজেপি
    বর্তমান | ০১ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা আন্তর্জাতিক বইমেলার ক্ষেত্রে কেউ এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। সরকার যে আইনকানুন ঠিক করে দেবে তা মেনে চলতে হবে অক্ষরে অক্ষরে। সোমবার মহাজাতি সদনে প্রকাশকদের ১৩ তম সংগঠন বঙ্গীয় গ্রন্থশিল্প পরিষদের একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে এ কথা জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে।

    পরিষদ এদিন প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ স্মরণ অনুষ্ঠান করেছে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিজ্ঞানী ও চিন্তাবিদ জিষ্ণু বসু, বুদ্ধদেববাবুর কন্যা মালিনী গুহ, সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিজেপির মুখ্য মুখপাত্র দেবজিৎ সরকার, স্বামী নির্গমানন্দ, বিজেপি নেতা তনুজা চক্রবর্তী, রাজু বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষী চৌধুরী, অমিতাভ রায়, সাধন তালুকদার প্রমুখ। শমীকবাবু সভায় বলেন, বইমেলায় রাজনৈতিক একাধিপত্য চলতে পারে না। যে যাঁর মতো যাতে মতপ্রকাশ করতে পারেন তার জন্য পরিসর দিতে হবে। পাশাপাশি তাঁর বক্তব্য, আমরা চাই বইমেলায় ভারতীয়ত্বের ছাপ থাকুক। এর পাশাপাশি জিষ্ণুবাবুও ভারতীয়ত্বের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘ভারতের কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে পারে এমন লেখা বেশি করে প্রকাশিত হোক। এটাই চাই।’ 

    বইমেলা নিয়ে একটি প্রশ্নের উত্তরে দেবজিৎবাবু বলেন, ‘সরকার সব ব্যবস্থাপনা নির্দিষ্ট করে দেবে। বইমেলার ক্ষেত্রে তা মেনে চলতে হবে সব পক্ষকে। কারও একার ইচ্ছা চলবে না।’ বর্তমানে বইমেলার আয়োজন করে বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড। সে সংগঠনের সভাপতি সুধাংশুশেখর দে এবং সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় এসেছিলেন পরিষদের সভায়। সুধাংশুবাবু বলেছেন, ‘অনেক পরামর্শ এসেছে। আলোচনা হবে।’ 
  • Link to this news (বর্তমান)