• শান্তিনিকেতন টার্গেট করে 'হামলা'! দাবি অভিষেকের
    আজকাল | ০১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে তাঁর বাসভবনে আক্রমণ চালায় দুষ্কৃতিরা। এমনই বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জীর। রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে প্রশ্ন তুলে এ দিন রাতেই নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার বিবরণ দেন অভিষেক। প্রকাশ করেন ভিডিও।  একইসঙ্গে রাজ্যের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান তিনি।

    অভিষেক তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, '@BJP4India-এর গুন্ডারাজের অধীনে বাংলায় হিংসা আজ সম্পূর্ণ স্বাভাবিক রূপ ধারণ করেছে।' তিনি জানান, মঙ্গলবার সকালে এক ব্যক্তি তাঁর শান্তিনিকেতন বাসভবনের সামনে এসে প্রথমে বাইক থামান। এর পর বারবার তাঁর বাড়ি লক্ষ্য করে বড় পাথর ছুঁড়তে থাকেন। যার ফলে বাড়ির ফার্স্ট ফ্লোরের জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়।

    তিনি লেখেন, 'এটি কেবল আইন-শৃঙ্খলার অবনতি নয়। এটি হিংসার এক বিপজ্জনক প্রাতিষ্ঠানিকীকরণ।' তাঁর প্রশ্ন, 'পুলিশ তখন কোথায় ছিল? কার নির্দেশে এই দুষ্কৃতী এমন ঔদ্ধত্যপূর্ণ হামলা চালাল এবং সম্পূর্ণ পার পেয়ে অনায়াসে চলে গেল?'

    অভিষেকের সংযোজন, 'আজকের বাংলার এটাই এক ভয়ঙ্কর বাস্তব। এমন এক শাসনব্যবস্থা যা হিংসাকে স্বাভাবিক করে তুলেছে। গুন্ডাদের ক্ষমতায়ন করেছে। এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে অপরাধমূলক কাজে লিপ্ত ব্যক্তিরা চরম আত্মবিশ্বাসের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে কারণ তাঁরা বিশ্বাস করে যে সরকার তাঁদের রক্ষা করবে।

    সদ্য পাস হওয়া 'পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, ২০২৬' কি বিজেপি সমর্থিত অপরাধীদের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে বলে প্রশ্ন অভিষেকের। পাশাপাশি, বাংলায় অবনতি দেখে স্তব্ধ, বিচলিত এবং গভীরভাবে উদ্বিগ্ন বলেও জানান তিনি।

    উল্লেখ্য, ভোটে তৃণমূলের ভরাডুবির পরেই, অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে থেকে কড়া নিরাপত্তা প্রত্যাহার করা হয়। তাঁর বাড়ির সামনে থেকে যেমন গার্ডরেল প্রত্যাহার করা হয়, বের করে নেওয়া হয় বাড়ির ভিতরের স্ক্যানারও। প্রত্যাহার করে নেওয়া হয়, জেড প্লাস নিরাপত্তা। তাঁর ক্যামাক স্ট্রিটের অফিস থেকেও সরিয়ে নেওয়া হয় নিরাপত্তাও।
  • Link to this news (আজকাল)