নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রকগুলির সচিবদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবারের এই বৈঠকের আলোচ্য বিষয় জানা যায়নি। তবে প্রধানমন্ত্রী সংস্কার কর্মসূচি ও ব্যবসাবাণিজ্যের সুবিধা বৃদ্ধির মতো বিষয়ে আলোচনা করেছেন বলে সূত্রের খবর। সোমবারই সেশেলস সফর সেরে দেশে ফিরেছেন মোদি। তার পরদিনই এই বৈঠক ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। দু’মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার শীর্ষস্তরের আমলাদের সঙ্গে আলোচনায় বসলেন প্রধানমন্ত্রী।
গত ২১ মে মোদি বৈঠক করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও কেন্দ্রীয় সচিবরা। উন্নত ভারতের লক্ষ্য পূরণে দিকনির্দেশিকা গড়ে তোলার লক্ষ্যেই ছিল ওই বৈঠক। সেখানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও প্রশাসনিক দক্ষতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁর পরামর্শ ছিল, ফাইলপত্র আটকে না রেখে তা দ্রুত ছাড়তে হবে। সেইসঙ্গে যথাসম্ভব কম সময়ে উৎপাদনশীলতা যত বেশি সম্ভব বৃদ্ধির বিষয়েও গুরুত্ব আরোপের কথা বলেছিলেন তিনি।