• রামমন্দির দর্শনে গিয়ে গৃহবন্দি কংগ্রেস নেতা
    বর্তমান | ০১ জুলাই ২০২৬
  • অযোধ্যা: রামমন্দির দর্শনে গিয়ে রীতিমতো পুলিশের বাধার মুখে পড়তে হল উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইকে। সোমবার গভীর রাতে হোটেল থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁকে গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠেছে যোগীরাজ্যের পুলিশের বিরুদ্ধে।

    মঙ্গলবার রামমন্দির দর্শনে যাওয়ার কথা ছিল অজয় রাই সহ কংগ্রেসের প্রতিনিধিদের। তার আগেই এমন ঘটনায় রীতিমতো সরব হাত শিবির। তাদের অভিযোগ, রামমন্দিরে প্রণামী দুর্নীতি ও জমি কেলেঙ্কারির জেরে কংগ্রেস প্রতিনিধিদের বাধা দেওয়া হয়েছে। পরে অজয় রাই এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘উত্তরপ্রদেশে বিজেপি সরকারের স্বৈরাচারী আচরণ চরমে উঠেছে। ভগবান রামের কাছে প্রার্থনার জন্য মঙ্গলবার আমাদের মন্দিরে যাওয়ার কথা ছিল। কিন্তু যোগী সরকার এতটাই ভয় পেয়েছে যে, আমি হোটেলে পা রাখার পরপরই তুলে নিয়ে যাওয়া হয়। আসলে দুর্নীতিতে জড়িতরা ভক্তদের ভয় পায়। তবে আমরা মাথা নত করব না।’ 

    অজয় রাইকে একটি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে গৃহবন্দি রাখা হয়েছে বলে অভিযোগ। কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, রামমন্দির দর্শন করা কি অপরাধ? ইচ্ছাকৃতভাবে কংগ্রেস প্রতিনিধিদের কর্মসূচি আটকে দেওয়া হয়েছে। তবে এনিয়ে উত্তরপ্রদেশ পুলিশের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।  লখনউয়ের এনডি  বিশ্ববিদ্যালয়ের বাইরে কংগ্রেস সমর্থকদের  প্রতিবাদ। ছবি সমাজমাধ্যম
  • Link to this news (বর্তমান)