• বালুরঘাটে আধার সেবা কেন্দ্রের উদ্বোধন সুকান্তর, সাতদিনই পরিষেবা পাবেন মানুষ
    বর্তমান | ০১ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বালুরঘাট: আধার নিয়ে হয়রানি শেষ! গৌড়বঙ্গে মালদহের পর  দক্ষিণ দিনাজপুর জেলায় সরকারিভাবে শুরু হল আধার সেবা কেন্দ্রের কাজ। মঙ্গলবার বালুরঘাটের রথতলা এলাকায় আধার সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি, পুলিশ সুপার অভিষেক গুপ্তা, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় প্রমুখ।

    ঘরে বসেই স্লট বুকিং করার পর এই আধার সেবা কেন্দ্রে গিয়ে মানুষ পরিষেবা নিতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানা গিয়েছে, গৌড়বঙ্গে মালদহের পর এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় আধার সেবা কেন্দ্র খোলা হল। কেন্দ্রটির উদ্বোধনের পর মন্ত্রী বলেন,পশ্চিমবঙ্গে আধার সংক্রান্ত পরিষেবা দিতে মূল সেন্টার খোলার জন্য চেষ্টা করেছিল কেন্দ্র। কিন্তু বিগত রাজ্য সরকার তা হতে দেয়নি। সেটা হলে অনুপ্রবেশকারীদের সুবিধা দেওয়া বন্ধ হয়ে যেত। 

    সুকান্তর সংযোজন,পোস্ট অফিস এবং অন্যান্য আধার সেন্টারে সব ধরনের সমস্যার সমাধান হয় না। এই সরকারি আধার সেবা কেন্দ্রে এলে সব ধরনের সমস্যা মিটে যাবে। 

    জানা গিয়েছে,অনলাইনে যে কেউ বুকিং করে এই সেবা কেন্দ্রে আসতে পারবেন। অফলাইনেও টোকেন সংগ্রহ করে পরিষেবা পাবেন মানুষ। জাতীয় ছুটির দিন বাদে সপ্তাহে সাতদিনই খোলা থাকবে এই কেন্দ্র।

    দক্ষিণ দিনাজপুর জেলায় অন্তত ১৮ লক্ষ মানুষ রয়েছেন। জেলায় হেড পোস্ট অফিসে আধার সংক্রান্ত পরিষেবা দেওয়া হয়। বেসরকারি কিছু আধার সেন্টার এবং ব্যাংকে এই পরিষেবা মেলে। কিন্তু তা নিয়েও বিস্তর অভিযোগ। 

    এবার সেই সমস্যা মেটাতে সরকারিভাবে আধার সেবা কেন্দ্র চালু হল। এই সেবা কেন্দ্রে আধার সংক্রান্ত যাবতীয় কাজ করা হবে।
  • Link to this news (বর্তমান)