পুলিশের সামনেই হাওড়া স্টেশন চত্বরে বিক্ষোভের মুখে তৃণমূলের শ্রমিক নেতা
বর্তমান | ০১ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জগৎবল্লভপুর, বালি সহ একাধিক ঘটনার পর ফের হাওড়া স্টেশন চত্বরে চলল ‘ডিম থেরাপি’। ক্ষুব্ধ জনতার নিশানায় পড়লেন তৃণমূলের হাওড়া সদরের প্রাক্তন আইএনটিটিইউসি সভাপতি অরবিন্দ দাস ওরফে টাবলু। মঙ্গলবার হাওড়া স্টেশন সংলগ্ন সংগঠনের অফিসে তাঁকে নিয়ে এলে পুলিশের সামনেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। অভিযোগ, উত্তেজিত জনতার একাংশ মারধরও করে তাঁকে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
গত শনিবার উত্তরবঙ্গ থেকে অরবিন্দ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, হাওড়া স্টেশন চত্বরের বহু হকার ও ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজি এবং হুমকি দেওয়ার একাধিক মামলায় তিনি অভিযুক্ত। এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে থাকার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। রবিবার হাওড়া আদালতে তোলা হলে আদালত পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয়। এদিন গোলাবাড়ি থানার পুলিশ অরবিন্দ দাসকে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় নিয়ে আসে। সেখানে তাঁর পুরানো কার্যালয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিকে, অরবিন্দ দাসকে দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশ। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হয়। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের উপস্থিতিতে উত্তেজিত জনতার একাংশ তাঁকে টেনে হিঁচড়ে মারধর করে। লাগাতার চড়-থাপ্পড় মারা হয় ওই তৃণমূল নেতাকে। পুলিশ উত্তেজিত বাসিন্দাদের দূরে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ জনতার একাংশ বলে, ‘টাবলু দিনের পর দিন জোর করে হকারদের পেটে লাথি মেরে তোলাবাজি চালিয়েছে। ওর চরম শাস্তি হোক।’ তাঁদের অভিযোগ, হাওড়া স্টেশন চত্বর ও বাসস্ট্যান্ডে থাকা অস্থায়ী দোকান, সাবওয়েতে ডালা নিয়ে বসা খুচরো বিক্রেতা, এমনকি সাইকেল ভ্যান থেকেও নিয়মিত দলের নাম করে অভিযুক্ত টাকা তুলতেন বলে অভিযোগ। হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ইতিমধ্যেই আক্রমণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।