নির্বাচনের আগে চ্যালেঞ্জ, রেজাল্টের পর ন্যাড়া হলেন হিঙ্গলগঞ্জের যুবক
বর্তমান | ০১ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: নির্বাচনের আগে আবেগের বশে মন্তব্য করেছিলেন যুবক। ফল প্রকাশের পর ‘কথা’ রাখলেন তিনি। ঘটনাকে ঘিরে সরগরম নেটমাধ্যম। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক যুবক মাথা ন্যাড়া করছেন। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জ বিধানসভার সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের ১৮৬ নম্বর বুথের বাসিন্দা সিদ্ধার্থ মণ্ডল। তিনি নির্বাচনের আগে প্রকাশ্যে ঘোষণা করেন, হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্র জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন। শুধু তাই নয়, আলকাতরা মেখে দু’মাস ঘুরে বেড়াবেন। সেই সময় তাঁর এই মন্তব্য এলাকায় রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল কম ছিল না।
ভোটগণনার পর হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী আনন্দ সরকারকে ৫ হাজার ৪২১ ভোটে পরাজিত করে জয়লাভ করেন। আর এই জয়ের সুবাদে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন রেখা পাত্র। ফল প্রকাশের এক মাস পরই সিদ্ধার্থ নিজের দেওয়া প্রতিশ্রুতি পালন করেছেন! ভাইরাল ভিডিয়োতে তাঁকে মাথা ন্যাড়া করতে দেখা গিয়েছে। যদিও তিনি আলকাতরা মেখে দু’মাস ঘুরবেন সেই অংশের কোনো প্রমাণ এখনও সামনে আসেনি। (ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বর্তমান)। ভিডিয়োটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন, রাজনৈতিক মতাদর্শ যাই হোক, নিজের দেওয়া কথা রাখার বিরল নজির তৈরি করেছেন সিদ্ধার্থ। আবার অনেকে বিষয়টিকে নিছক আবেগের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। রাজনৈতিক মহলেও ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সিদ্ধার্থ অবশ্য বলছেন, যেটা ভিডিয়োতে দেখেছেন সেটাই বিষয়। এনিয়ে নতুন করে মন্তব্য করব না। নিজস্ব চিত্র