• নোয়াপাড়া বিধানসভা এলাকার জল-যন্ত্রণা কমাতে বারাকপুর প্রশাসনিক ভবনে বৈঠক
    বর্তমান | ০১ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যাচ্ছে নোয়াপাড়া বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায়। বিশেষ করে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে মোহনপুর এবং শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুধু সেই সমস্যা নয়, নোয়াপাড়া বিধানসভার মধ্যে যে সব গঙ্গার ঘাট রয়েছে তার সংস্কারসহ বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হল বারাকপুর প্রশাসনিক ভবনে।

    বৈঠকে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী অর্জুন সিং, বারাকপুরের মহকুমা শাসক যাদব সূর্যভান আচ্ছেলাল, উত্তর বারাকপুর এবং গাড়ুলিয়া পুরসভার প্রশাসক, কেএমডিএ সহ বিভিন্ন দপ্তরের সিনিয়র ইঞ্জিনিয়াররা। জল নিষ্কাশনের জন্য কেএমডিএ’র পক্ষ থেকে যে প্রকল্প শুরু হয়েছে, তার কাজের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট করা হয়। মণিরামপুরে একটি এসটিপি প্লান্ট তৈরির জন্য কিছু জমির সমস্যা রয়েছে। রয়েছে দখলদার। তাঁদের সরানোর বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। অর্জুন জানিয়েছেন, দেবীতলা ঘাটসহ কয়েকটি গঙ্গার ঘাট সংস্কার করতে হবে। বেশ কয়েকটি ঘাটের সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈঠকের পরে তিনি বলেন, নোয়াপাড়া বিধানসভা এলাকায় জল নিষ্কাশনের সমস্যা রয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। জল কীভাবে বের করা যায় সেই পরিকল্পনা চলছে। 

    এদিকে, কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে জল জমা সমস্যা মেটানোর জন্য মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ শুরু হয়েছে ভাটপাড়া বিধানসভা থেকে। তবে মাটির নীচে ইউটিলিটি সার্ভিস সরানোর জন্য কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যা মেটাতে দফায় দফায় আলোচনা চলছে। এই বর্ষাতেও সমস্যার পুরো সমাধান হবে না।
  • Link to this news (বর্তমান)