• বর্ষার শুরুতেই বনগাঁ পুরসভার একাধিক রাস্তার কঙ্কালসার দশা
    বর্তমান | ০১ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: সবে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এখনই বনগাঁ শহরের একাধিক রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। রাস্তাগুলিতে জমেছে জল। ভাঙাচোরা অবস্থা। চলাচল কষ্টকর হয়ে পড়ছে। রোজই ঘটছে দুর্ঘটনা। শহরের মধ্যে সবথেকে খারাপ অবস্থা বনগাঁ আদালত চত্বরে সাহেবপুকুর সংলগ্ন রাস্তাটির। সেটি যেন ছোটো জলাশয়। বহু মানুষ চলাচল করে এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে। এখন জলভর্তি রাস্তায় খানাখন্দ কোথায় লুকিয়ে আছে তা বুঝতে না পেরে দুর্ঘটনায় পড়ছে অনেকে। বনগাঁ-চাকদহ সড়ক থেকে আদালত যাওয়ার অন্যতম রাস্তা এটি। বড়ো রাস্তার সংযোগকারী পথ হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। অটো, টোটো, চারচাকা গাড়ি, বাইক চলে। বৃষ্টির পর সেই রাস্তায় বিরাট আকারের গর্ত দেখা দিয়েছে। গর্তে জমা জলে পড়ে গিয়েছেন অনেকে। সম্প্রতি একটি টোটো উল্টে যায়। এক মহিলা ও একটি শিশু টোটোতে ছিল। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করেন। টোটোচালক বলেন, ‘জল জমে থাকায় যে গর্ত ছিল তা বোঝা যায়নি। সে কারণেই দুর্ঘটনা ঘটল।’ একাধিক টোটো অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। 

    গৌতম মণ্ডল নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘গত কয়েক দিনে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। অনেকে ঘুরে অন্য রাস্তা ধরছেন।’ পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই রাস্তা সংস্কারের জন্য টেন্ডার ডাকা হয়েছিল। এক সংস্থাকে বরাতও দেওয়া হয়েছিল। কিন্তু ওই সংস্থা এখন কাজ করছে না। বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, ‘রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে।’ এই একটি রাস্তা শুধু নয়, একটু বৃষ্টিতে বেহাল শহরের ভিতরের অংশের রাস্তাগুলিও। হাসপাতাল সংলগ্ন ১০ নম্বর ওয়ার্ডের রেটপাড়ার রাস্তারও বেহাল দশা। বৃষ্টিতে কঙ্কালসার চেহারা। বহু মানুষ এই পথ দিয়েও হাসপাতালে যাতায়াত করেন।
  • Link to this news (বর্তমান)