• রাজপুর-সোনারপুরের বিস্তীর্ণ অংশে রাস্তা বেহাল, জমা জলে তীব্র ভোগান্তি
    বর্তমান | ০১ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: খানাখন্দে ভরা রাস্তায় চলাফেরা করা দায়। তার উপর বৃষ্টিতে সেইসব গর্ত টইটম্বুর। রাজপুর-সোনারপুর পুরসভার বিস্তীর্ণ এলাকায় রাস্তাঘাটের এমনই বেহাল দশা। তার ফলে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ভোটের আগে কিছুটা কাজ হয়েছে। স্থানীয়দের দাবি, ৪ মের পর আর কোনো কাজ হয়নি। তাই রাস্তা ভেঙেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাস্তা সারাই থেকে ড্রেনের কাজসহ একাধিক প্রকল্পের টাকা আপাতত বন্ধ রেখেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। তাই এসব কাজ হচ্ছে না কোনো ওয়ার্ডে। 

    রাস্তা দিয়ে যাতায়াত করতে কালঘাম ছুটছে পথচারীদের। প্রায় সব ওয়ার্ডের একাধিক রাস্তার হাল এখন খারাপ। হরিনাভির ভিতরের এলাকা, সুভাষগ্রাম, বোসপুকুর, ভৌমিক পার্ক, রাজপুর সহ এমন বিস্তীর্ণ এলাকা রয়েছে যেখানে রোজই ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। তাঁদের বক্তব্য, স্কুলের বাচ্চা থেকে অফিস যাত্রী কেউই এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে না। যখনতখন দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে।

    অম্রুত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে পাইপলাইন বসেছে। তার জন্য অলিগলি থেকে মূল রাস্তা খোঁড়াখুঁড়ি করা হলেও পরে সেসব আর সারাই করা হয়নি বলে অভিযোগ। যখন কাজ শুরু হয়, তার কিছুদিনের মধ্যে ভোট এসে যাওয়ায় সব কাজ বন্ধ করতে হয়েছে পুরসভাকে। অনেক রাস্তায় কংক্রিট ব্লক বসানোর উদ্যোগও নেওয়া হয়েছিল। তার জন্য খোঁড়া হয় বেশ কিছু রাস্তা। এখন সেরকমই ভাঙা অবস্থায় রয়েছে রাস্তাগুলি। কয়েকদিন আগে কিছু জায়গায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পুর কর্তৃপক্ষ অবশ্য আশাবাদী, সরকার টাকা ছাড়লেই রাস্তা মেরামতির কাজ শুরু 

    হয়ে যাবে। ততদিন অপেক্ষা করতে হবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)