• খিদিরপুর সেতু সংলগ্ন হাঁটাপথ বেহাল ভাঙা লোহার পাটাতনে দুর্ঘটনার শঙ্কা
    বর্তমান | ০১ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খিদিরপুর, গার্ডেনরিচের সঙ্গে বাকি কলকাতার সংযোগ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে খিদিরপুর ব্রিজের। টালিনালার উপরে থাকা সেই সেতু সংলগ্ন হাঁটার রাস্তার বেহাল অবস্থা অনেকদিন ধরে। সেতুর ধার বরাবর লোহার কাঠামো, টিনের পাটাতন দিয়ে তৈরি করা হয়েছে ওই হাঁটাপথ। সেই কাঠামোর অবস্থা দিনে দিনে বিপজ্জনক হয়ে উঠছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা সংস্কারের দাবি তুলছেন। 

    খিদিরপুর ব্রিজ সংলগ্ন ওই রাস্তার লোহা ও টিনের পাটাতন বিভিন্ন জায়গায় ফুটো হয়ে গিয়েছে। ক্ষয়ে গিয়েছে আস্তরণ। স্বাভাবিকভাবেই হাঁটার পথে জং ধরা, ক্ষয়ে  হয়ে যাওয়া লোহা বা টিনে পা কেটে গিয়ে দুর্ঘটনার ভয় থাকে। আবার ভাঙা অংশে পা ঢুকে গেলে বড়ো বিপদ ঘটতে পারে। তাই হাঁটাপথের একটা বড়ো অংশ ঘিরে দিয়েছে পুলিশ। কিন্তু সেতুর সংস্কারে হাত পড়েনি এখনও। স্থানীয় বাসিন্দা সীমা মণ্ডল, আসিফ ওস্তাগররা বলেন, ‘সেতুর বিভিন্ন জায়গায় গর্ত হয়ে রয়েছে। টিনের পাটাতন ক্ষয়ে ক্ষয়ে ভেঙে পড়ার মতো অবস্থা। ওই জায়গা দিয়ে হাঁটাচলা করতেই ভয় লাগে। কবে মেরামত হবে, কেউ জানে না।’ 

    ওই সেতু তাদের আওতাভুক্ত না হওয়ায় সেখানে সংস্কারের কাজ কলকাতা পুরসভাও করতে পারছে না বলে খবর। জানা গিয়েছে, সেতুটির দেখভালের দায়িত্বে রয়েছে কেএমডিএ। কিন্তু রাজ্যে পালাবদলের পর বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক জটিলতায় বিভিন্ন কাজকর্মের গতি শ্লথ হয়ে পড়েছে। রক্ষণাবেক্ষণের কাজের ফাইল ঠিকমতো এগচ্ছে না বলে জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা। তাই আপাতত নাগরিক সুরক্ষার স্বার্থে খিদিরপুর ব্রিজের পার্শ্ববর্তী ফুটব্রিজের ওই অংশ ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। ওই জায়গা দিয়ে কাউকে হাঁটাচলা করতে দেওয়া হচ্ছে না।  নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)