দীর্ঘদিনের ভোগান্তির অবসান। আধার সংক্রান্ত যাবতীয় পরিষেবা এ বার মিলবে এক ছাদের নীচে। উত্তরবঙ্গে প্রথম আধার সেবা কেন্দ্রের সূচনা হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। মঙ্গলবার দুপুরে বালুরঘাটের চকভবানী এলাকায় এই কেন্দ্রটির উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই কেন্দ্র থেকে দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি মালদা এবং উত্তর দিনাজপুরের বাসিন্দারাও উপকৃত হবেন বলে জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘এটি পশ্চিমবঙ্গের ১৫তম আধার সেবা কেন্দ্র হলেও উত্তরবঙ্গে প্রথম। এতদিন আধারের বিভিন্ন সমস্যা নিয়ে অসংখ্য মানুষ আমার কাছে আসতেন। অনেক ক্ষেত্রেই সমাধানের পথ ছিল না। এ বার সেই সমস্যার স্থায়ী সমাধানের দরজা খুলে গেল।’
এই নতুন আধার সেন্টারের সূচনা হওয়ার ফলে বালুরঘাট-সহ সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষ আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খলভাবে আধার-সংক্রান্ত বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।। নতুন নিবন্ধন, তথ্য সংশোধন, বায়োমেট্রিক আপডেট-সহ নানা গুরুত্বপূর্ণ পরিষেবা এখন আরও সুবিধাজনকভাবে এই কেন্দ্রের মাধ্যমে প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি। জনসেবার মানোন্নয়ন এবং নাগরিকদের কাছে সরকারি পরিষেবা আরও সহজলভ্য করে তোলার ক্ষেত্রে এই আধার সেন্টার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও তাঁর বিশ্বাস।
ওই কেন্দ্রে পরিষেবা যাতে নিরবচ্ছিন্নভাবে চলে এবং কোনও প্রশাসনিক বা নিরাপত্তাজনিত বাধা না আসে, সে বিষয়ে জেলাশাসক ও পুলিশ সুপারকে বিশেষভাবে নজর রাখার নির্দেশও দেন তিনি।
জাতীয় ছুটির দিন ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রটি খোলা থাকবে। আধারে নতুন নাম নথিভুক্তি, ঠিকানা বা মোবাইল নম্বর সংশোধন, বায়োমেট্রিক আপডেট-সহ সমস্ত ধরনের পরিষেবাই এখানে মিলবে বলেও জানিয়েছেন আধিকারিকরা।
বালুরঘাটে এই কেন্দ্র চালু হওয়াকে উত্তরবঙ্গের নাগরিক পরিষেবার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছে প্রশাসনিক মহল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় , কুশমন্ডির বিধায়ক তাপস রায়, জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি, পুলিশ সুপার অভিষেক গুপ্ত-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।