• নিম্নচাপের ভ্রুকুটি! দিনভর বৃষ্টি কলকাতায়, জেলায় কেমন থাকবে পরিস্থিতি?
    এই সময় | ০১ জুলাই ২০২৬
  • উত্তর থেকে দক্ষিণ— সব জায়গাতেই এখন ঝড়বৃষ্টির দাপট। যার জেরে গরম থেকে মিলেছে স্বস্তিও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে ( ৪ থেকে ৮ জুলাই) আরও বাড়তে পারে বৃষ্টির দাপট। বঙ্গোপসাগরের উপর একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। সেই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল সংলগ্ন এলাকায় পৌঁছতে পারে। যার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা প্রবল। সঙ্গে বৃষ্টি বাড়তে পারে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।

    বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। রোদের তেমন জোর নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা প্রবল। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির জন্য কলকাতায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওই দপ্তর আরও জানিয়েছে, সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টির দাপট। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

    সপ্তাহ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ, বুধবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও, দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির দাপট। বিশেষ সতর্কতা রয়েছে উপকূলের জেলাগুলিতে। সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদেরও।

    উত্তরবঙ্গে বৃষ্টির দাপট চলছেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে ইতিমধ্যেই। সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)