বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ, টানা ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে! কী অবস্থা হবে কলকাতায়?
News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
উত্তরে কমলেও দক্ষিণে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উপরের পাঁচ জেলাতে, আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা দুটোই কমবে উত্তরবঙ্গে। কলকাতাতেও বৃষ্টির সতর্কতা রয়েছে।
দক্ষিণবঙ্গ:
দক্ষিণবঙ্গে আজ, বুধবার বিক্ষিপ্তভাবে দু এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হবে সব জেলাতে। শুক্রবার নিম্নচাপ তৈরি হবার পর ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। উইকেন্ডে শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে ৩রা জুলাই, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তর প্রদেশ থেকে মণিপুর পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা, সঙ্গে বিহারের উপর ঘূর্ণাবর্ত।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা নিম্নচাপের জেরে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে বুধ এবং বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা। আজ বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হুগলিতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
আরও পডুন: নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে টাকা দেওয়ার দাবি তাপস মণ্ডলের
শনিবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে।
সোমবার অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
মূলত মেঘলা আকাশ কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে, শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ঝড়-বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। শনিবার থেকে সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা শহরে, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাতাসে থাকবে ৮০ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৬ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। বৃষ্টিপাত হয়েছে ৩.২ মিলিমিটার।