২০ ঘণ্টা পর নিভল লেলিহান শিখা! হলদিয়ার অগ্নিকাণ্ডে মৃত ১, শুধু জল নয়, কীভাবে নেভানো হল আগুন?
News18 বাংলা | ০১ জুলাই ২০২৬
অবশেষে নিভল হলদিয়া পেট্রোকেমের আগুন৷ প্রায় ২০ ঘণ্টা কেটে যাওয়ার পর সম্পূর্ণ নেভানো গিয়েছে শিল্পশহরের লেলিহান শিখা৷ ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় আরও প্রায় ১০-১২ জন কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন৷ দমকলের ১৫-টিরও বেশি সংখ্যক ইঞ্জিন প্রায় ২০ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে বলেই জানা গিয়েছে৷
হলদিয়া পেট্রকেমের পাইপ লাইন থেকে ন্যাপথা লিক করে বিধ্বংসী আগুনে মঙ্গলবার ভয়াবহ পরিস্থিতি ঘটে। সেই আগুন প্রায় ২০ ঘণ্টা পর পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। আগুন নেভাতে জলের পাশাপাশি ফোম এবং সাদা বালি ব্যবহার করা হয়েছে। সঙ্গে ছাই ব্যবহারও করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত একজন বাসিন্দার মৃত্যু হয়েছে। কীভাবে অগ্নিকাণ্ড ঘটল জানতে এইচপিএল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গড়ছে। মুম্বই থেকে বিশেষজ্ঞ দল আজকেই আসার কথা।
প্রাথমিক তদন্তে সামনে এসেছে, ন্যাপথার পাইপলাইনে ‘লিক’ থেকেই বিপত্তি ঘটে। পরে, এলপিজি পাইপলাইনেও আগুন ছড়ায়। হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুরে পেট্রোকেমের ন্যাপথা পাইপলাইন গিয়েছে। তার পিছনেই কলোনিতে শ’দেড়েক পরিবারের বাস। তারাই জানান, এ দিন ভোর ৪টে নাগাদ শব্দ শুনে বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, পাইপলাইনের কাছে দাউ দাউ করে আগুন জ্বলছে। সোমবার রাতে কটূ গন্ধ পেয়ে নিরাপত্তারক্ষীদের জানান হলেও, দ্রুত পদক্ষেপ হয়নি। শেষে ভোরে আগুন লাগে এবং তা প্রায় এক কিলোমিটার ছড়িয়ে পড়ে। ভাল্ভ বন্ধ করা হয়েছিল। কিন্তু পাইপে যে ন্যাপথা ছিল, তা থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷
মৃতের নাম মানু বিবি(৩৮)। মৃতের বাড়ি হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীপুরে। তিনি আগুনের লেলিহান শিখায় প্রায় ৯৫% পুড়ে গিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় প্রায় ১০-১২ জন কলকাতার বালিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সকালেই হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকায় বিধ্বংসী আগুন লাগে৷ হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপ লাইনে লিক থেকে ওপরে থাকা বিদ্যুতের হাইটন লাইনে আগুন লাগে বলেই জানা যায়। দমকলের আটটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ঘটনায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও৷ আহতদের চিকিৎসার তদারকি করেন বিধায়ক প্রদীপ বিজলি৷
গতকাল, মঙ্গলবারেই অগ্নিদগ্ধ বাসিন্দাদের উদ্ধার করে হলদিয়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। কয়েকজনকে তমলুকের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত একজনকে কলকাতা পাঠান হয়। হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে রেললাইন গিয়েছে। রেললাইনের ধারের বস্তিতে আগুন লাগায় হলদিয়া-পাঁশকুড়া লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রীন করিডর করে আহত যাদের কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে৷ আটজন আহতকে কলকাতার বালিগঞ্জের মেডিভিউ নাম হবে বলছে, নিয়ে যাওয়া হচ্ছে।