জুলাইয়ের প্রথম সপ্তাহজুড়ে নিম্নচাপের ভ্রুকুটি! ভাসবে দক্ষিণবঙ্গ, উত্তরের ৫ জেলায় জারি কমলা অ্যালার্ট
প্রতিদিন | ০১ জুলাই ২০২৬
কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গজুড়ে ঝড়বৃষ্টির দাপট। যার জেরে আপাতত গুমোট গরম থেকে স্বস্তি মিলেছে। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষের দিকে আরও বাড়তে পারে। বঙ্গোপসাগরের উপরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপই শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল সংলগ্ন এলাকায় দাপট দেখাতে পারে। যার জেরে উপকূলবর্তী এলাকাগুলি বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বাড়তে পারে বৃষ্টি।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার পর ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সপ্তাহান্তে অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সপ্তাহ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া হুগলিতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বৃহস্পতি ও শুক্রবারও জারি থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পুরুলিয়া ও বাঁকুড়াতেও।
বুধবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সপ্তাহান্তে বাড়তে পারে ঝড়বৃষ্টি বলে খবর। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বৃষ্টির স্পেল দেখাচ্ছে উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।